দুই দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসা চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে বৈঠক করেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
শুক্রবার বিকাল ৫টায় রাজধানীর নিকুঞ্জের এয়ারপোর্ট রোডে লা মেরিডিয়ান হোটেলে চীনের প্রেসিডেন্টের সঙ্গে মতবিনিময় করেন খালেদা জিয়া।
এর আগে, দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘গণপ্রজাতন্ত্রী চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর বাংলাদেশ সফরের জন্য তাকে স্বাগত জানাচ্ছে বিএনপি।’
তিনি বলেন, ‘বিএনপি এবং বাংলাদেশের জনগণ বিশ্বাস করে চীনের সঙ্গে বাংলাদেশের জনগণের সম্পর্ক ঐতিহাসিকভাবে অত্যন্ত নিবিড়। একই সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ১৯৭৭ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্যোগে বাংলাদেশের সঙ্গে চীনের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হওয়ার পর বাংলাদেশের জনগণ চীনের অব্যাহত সহযোগিতার কথা স্মরণ করে।’
বিএনপির মহাসচিব আরও বলেন, ‘প্রেসিডেন্ট শি জিনপিং এর এই সফর নিঃসন্দেহে চীন ও বাংলাদেশের সম্পর্ককে আরো গভীর করবে।’


