ব্রিকস-বিমসটেক আউটরিচ শীর্ষক সম্মেলনে যোগদান করতে আগামী ১৬ অক্টোবর রোববার ভারতের দক্ষিণ-পশ্চিম রাজ্য গোয়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ওই দিন সকাল ৮টায় ঢাকা ত্যাগ ও সকাল ১০টা ৪৫ মিনিটে (ভারতীয় সময়) গোয়ায় পৌঁছানোর কথা রয়েছে সরকারপ্রধানের।
একটি সূত্র নিশ্চিত করেছে, রোববার বিকেলে বিমসটেক লিডারস রিটিরট এবং ব্রিকস-বিমসটেক লিডারস আউটরিচ শীর্ষ সম্মেলনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রেয়ুট চ্যান-ও-চা, নেপালী প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। এরপর আগামী ১৭ অক্টোবর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


