রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগম নার্গিসকে ইনসেনটিভ কেয়ার ইউনিট (আইসিইউ) থেকে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) স্থানান্তর করা হয়েছে।
রোববার বিকেলে স্কয়ার হাসপাতাল সূত্র তথ্যটি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, খাদিজার শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে। তাকে ২৪ ঘণ্টা ভেন্টিলেশন ছাড়া রাখার পর চিকিৎসকরা তাকে এইচডিইউতে রাখার সিদ্ধান্ত নেন। খাদিজাকে শনিবার আইসিইউ থেকে এইচডিইউতে স্থানান্তর করা হয়েছে।
খাদিজার বাবা মাসুক মিয়া বলেন, ‘স্কয়ার হাসপাতালে শাহীন আহমদ (খাদিজার বড় ভাই) ছাড়া সবাই বাড়িতে চলে এসেছেন। সে জানিয়েছে খাদিজাকে শনিবার আইসিইউ থেকে বের করে অন্য একটি রুমে রাখা হয়েছে।’
গত ৩ অক্টোবর খাদিজাকে কুপিয়ে আহত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের শিক্ষার্থী বদরুল আলম। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রথম দফা অস্ত্রোপচারের পর অবস্থার অবনতি হলে রাতেই তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নিয়ে আসা হয়।
৪ অক্টোবর বিকেলে স্কয়ার হাসপাতালে তার দ্বিতীয় দফা অস্ত্রোপচারের পর তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। অবস্থার কিছুটা উন্নতি হলে গত বৃহস্পতিবার তার লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়।


