দিনাজপুর জেলার পার্বতীপুরে চৌদ্দ বছরের এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় ধর্ষিতার মা সোমবার রাতে পার্বতীপুর মডেল থানায় মামলা দায়ের করলে পুলিশ ধর্ষক আনোয়ার হোসেনকে (২৫) গ্রেপ্তার করে।
মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্যদিকে ওই স্কুলছাত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য মঙ্গলবার সকালে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সোমবার সকাল ১০টায় পার্বতীপুর শহরের রোস্তম নগর মহল্লার আদর্শ কলেজ পাড়ার বাসিন্দা ওই তরুণীকে বাসায় রেখে তার মা অন্যের বাড়িতে ঝি-এর কাজ করতে যায়। এ সুযোগে বাসায় একা পেয়ে একই মহল্লার আ. সাত্তারের ছেলে আনোয়ার হোসেন (২৫) মেয়েটির বাড়িতে ঢুকে তাকে (স্কুলছাত্রী) ধর্ষণ করে পালিয়ে যায়। পরে তার মা বাসায় ফিরে আসলে সে সব খুলে বলে।


