বুধবার ৪ নভেম্বর ২০২৬

আলজেরিয়ায় আবার দূতাবাস খুলেছে বাংলাদেশ

আলজেরিয়ায় আবার দূতাবাস খুলেছে বাংলাদেশআলজেরিয়ায় আবারও দূতাবাস খুলেছে বাংলাদেশ। গত ১৬ অক্টোবর পুনরায় এই দূতাবাস চালু করা হয়েছে বলে বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পেশাদার কূটনীতিক আব্দুল হাই খুব শিগগিরই সেখানে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসাবে যোগদান করবেন। তবে নতুন রাষ্ট্রদূতের যোগদানের পূর্ব পর্যন্ত চার্জ দ্য অ্যাফেয়ার্স (সিডিএ) মো. শাহজাহান সেখানে দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করবেন।

ইতিপূর্বে বাংলাদেশ ১৯৭৩ সালের ১০ অক্টোবর আলজেরিয়ায় দূতাবাস খুলেছিল। ১৯৯৩ সালে বিএনপি-জামায়াত সরকার ওই দূতাবাসটি বন্ধ করে দিয়েছিল বলে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশকে যেসব আরব দেশ প্রথম দিকে স্বীকৃতি দিয়েছিল; আলজেরিয়া তাদের একটি। ১৯৭৩ সালের সেপ্টেম্বর মাসে আলজেরিয়ায় চতুর্থ ন্যাম সম্মেলন অনুষ্ঠানের সময় বাংলাদেশ ন্যামের সদস্য পদ লাভ করে। ইসলামি দেশগুলোর জোট ওআইসিতে বাংলাদেশের সদস্য পদ লাভের প্রস্তাবে স্পন্সর করেছিল আলজেরিয়া।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতিহাস, ঐতিহ্য ও ধর্মীয় বিশ্বাসের অভিন্নতার ভিত্তিতে আলজেরিয়াকে একটি ভ্রাতৃপ্রতিম দেশ মনে করে বাংলাদেশ। এই সম্পর্ককে জোরদার করতে সরকার আলজেরিয়ায় দূতাবাস চালুর সিদ্ধান্ত গ্রহণ করে। আফ্রিকা মহাদেশ ও বৈশ্বিক প্রেক্ষাপটে আলজেরিয়ার রাজনৈতিক, বাণিজ্যিক ও অর্থনৈতিক গুরুত্ব বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ সেখানে নতুন করে দূতাবাস খোলার সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন