শনিবার সকালে প্রথম ইনিংসে আর মাত্র ২৭ রান যোগ করতেই অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৪৮ রান। ৪৫ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ইংল্যান্ড।
তবে সফরকারীদের দু:স্বপ্ন হয়ে দেখা দিয়েছেন সাকিব আল হাসান আর মেহেদী হাসান মিরাজ।
দলীয় ২৬ রানে ইংল্যান্ডের অধিনায়ক অ্যালিস্টার কুককে আউট করেন মিরাজ। বল কুকের ব্যাট চুমু দিয়ে জমা হয় মাহমুদউল্লাহ হাতে। এরপরের ওভারেই ইংলিশ ব্যাটিং স্তম্ভ জো রুটকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন সাকিব।
লাঞ্চের আগের ওভারে বেন ডাকেটকে আউট করেন সাকিব। মধ্যাহ্ন বিরতি থেকে ফিরে গ্যারি ব্যালেন্সকে ফিরিয়ে দেন তাইজুল ইসলাম।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটে ৪৬ রান। মঈন আলী ৯ রান করে অপরাজিত রয়েছেন।
এর আগে আজ সকালে টেস্টের তৃতীয় দিন আর মাত্র ২৭ রান যোগ করেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। গতকালের ২২১ রান নিয়ে আজ সকালে আবার ব্যাটিং শুরু করে বাংলাদেশ।
ইনিংসের প্রথম ওভারেই সাকিব আল হাসানের উইকেট হারায় বাংলাদেশ। টাইগারদের স্কোর তখনো ২২১! এরপর ২৩৮ রানে সপ্তম উইকেট হারায় টাইগাররা। রশীদের বলে ব্রডকে ক্যাচ দিয়ে ফিরে যান শফিউল ইসলাম।
পরের ওভারে মাত্র ১ রান করে আউট হন বোলিংয়ে ছয় উইকেট নেয়া মেহেদী হাসান মিরাজ। দলীয় ২৪৮ রানে স্টোকসের ওভারে বিদায় নেন সাব্বির ও কামরুল ইসলাম রাব্বি।
স্টোকস চারটি ও মঈন আলী তিনটি এছাড়া আদিল রশীদ নেন দুটি উইকেট।


