ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ক্ষমতাসীন আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিলে শনিবার বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার উপস্থিত না থাকা অনেকেরই দৃষ্টিগোচর হয়েছে এবং বিষয়টি আলোচনার জন্ম দিয়েছে।
ঢাকা দক্ষিণ থেকে শেখ রেহানাকে কাউন্সিলর করা হলেও তিনি সম্মেলনের প্রথম দিন যোগ দেননি। তিনি বর্তমানে দেশের বাইরে রয়েছেন।
সম্মেলনের প্রথম দিনের প্রথম অধিবেশনে যোগ না দিলেও দ্বিতীয় অধিবেশনে যোগ দেন প্রধানমন্ত্রীর পুত্র ও তথ্য-প্রযু্ক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। বেলা ৩টা ৫০ মিনিটে সম্মেলনের মঞ্চে ওঠেন জয়। জয় এবারই প্রথম দলের কাউন্সিলর হয়েছেন। রংপুর জেলা থেকে প্রতিনিধিত্ব করছেন তিনি।
এর আগে শনিবার সকালে সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এর আগে বিভিন্ন জেলার আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পদকরা সম্মেলন স্থলে এসে উপস্থিত হন। সম্মেলন স্থলে বিদেশি অতিথি, মন্ত্রিসভার সদস্য এবং দলের কেন্দ্রীয় নেতা, কাউন্সিলর ও ডেলিগেটরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, কাউন্সিল উপলক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসী বাংলাদেশি আওয়ামী লীগ নেতারা ঢাকায় এসে ভিড় করলেও পূর্ব নির্ধারিত এই সম্মেলনে শেখ রেহানাকে না দেখতে পেয়ে অাওয়ামী লীগের অনেকেই হতাশ হয়েছেন।
কারণ, আওয়ামী লীগের একটি অংশ আশা করেছিল শেখ রেহানা সম্মেলনে উপস্থিত থাকবেন। তবে তাদের অনুরোধ রাখতে পারলেন না শেখ রেহানা। বিষয়টি নিয়ে দলের ভেতর নানামুখী আলোচনার খবর পাওয়া গেছে। কারণ, কাউন্সিলের মতো একটি পূর্ব নির্ধারিত অনুষ্ঠানে শেখ বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার উপস্থিতি নিঃসন্দেহে কাউন্সিলকে গৌরবান্বিত করতো।


