বুধবার ৪ নভেম্বর ২০২৬

ঊর্মিলার বাবা চলে গেলেন

ঊর্মিলার বাবা চলে গেলেনমডেল-অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী করের বাবা অনন্ত কুমার কর পরলোকগত হয়েছেন। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শনিবার  শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ঊর্মিলা তাঁর বাবার মৃত্যুসংবাদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে জানান। তিনি লিখেছেন, ‘বাবা নেই’।

ঊর্মিলার বাবা  দীর্ঘদিন ধরে বিভিন্ন অসুখে ভুগছিলেন। তবে তাঁর প্রধান সমস্যা ছিল কিডনিতে। ঊর্মিলার বাবা ছিলেন সেনাবাহিনীর অবসারপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল।

গত ১৫ অক্টোবর  অনন্ত কুমার গুরুতর অসুস্থ হলে তাঁকে  হাসপাতালে  লাইফ সাপোর্টে রাখা হয়।  টানা সাতদিন লাইফ সাপোর্টেই  ছিলেন  তিনি ।

এদিকে ঊর্মিলার মায়ের শারীরিক অবস্থাও ভালো নয়। তিনিও বেশ কিছুদিন ধরে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি আছেন। সবার কাছে  আশীর্বাদ চেয়েছেন তিনি।

এ সময়ের জনপ্রিয় ও ব্যস্ততম একজন অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর। একক ও ধারাবাহিক নাটকে তাঁর সমান উপস্থিতি। এনটিভিতে বর্তমানে ঊর্মিলা অভিনীত তারকাবহুল ধারাবাহিক নাটক ‘সানফ্লাওয়ার’ প্রচারিত হচ্ছে।  নাটকটিতে তাঁর বিপরীতে অভিনয় করছেন জিয়াউল ফারুক  অপূর্ব। মেজবাহ উদ্দীন সুমনের রচনায়  নাটকটি পরিচালনা করেছেন নজরুল ইসলাম রাজু।

আরও পড়ুন