আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা পুনর্নির্বাচিত হওয়ার পর তার সঙ্গী সাধারণ সম্পাদক পদে এবার নতুন মুখ নির্বাচিত হয়েছেন। সম্মেলনের কয়েকদিন আগে থেকে যে গুঞ্জন চলছিল, তা সত্যি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হলেন ওবায়দুল কাদের।
রোববার ক্ষমতাসীন দলটির কাউন্সিল অধিবেশনের শেষ পর্বে সভাপতি পদে শেখ হাসিনা সভাপতি পদে পুনর্নির্বাচিত হওয়ার পর সাধারণ সম্পাদক পদেও নির্বাচন হয়।
দুটি পদে আরও কোনো নাম প্রস্তাব না আসায় কাউন্সিলের জন্য গঠিত আওয়ামী লীগের নির্বাচন কমিশনের প্রধান ইউসুফ হোসেন হুমায়ুন দুজনকে নির্বাচিত ঘোষণা করেন।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সম্মেলনের দ্বিতীয় দিনে দলীয় সভানেত্রী শেখ হাসিনা বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করার পরপরই নির্বাচনী অধিবেশন শুরু হয়।
নতুন নেতৃত্ব বেছে নিতে শেখ হাসিনা আহ্বান জানিয়ে এলেও নির্বাচনী অধিবেশনের শুরুতেই বঙ্গবন্ধুকন্যার নামই সভাপতি পদের জন্য প্রস্তাব করেন প্রবীণ নেত্রী বিদায়ী সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী। তা সমর্থন করেন সভাপতিমণ্ডলীর আরেক সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
বিদায়ী সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম নতুন সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করলে তা সমর্থন করেন বিদায়ী যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।
এরপর সভাপতিমণ্ডলী গঠন করা হয়। বিদায়ী সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের স্থান হয়েছে গুরুত্বপূর্ণ এই পরিষদে।
সভাপতিমণ্ডলীতে তার পাশাপাশি নতুন এসেছেন নুরুল ইসলাম নাহিদ, আব্দুর রাজ্জাক, ফারুক খান, আবদুল মান্নান খান, রমেশ চন্দ্র সেন ও পীযূষ ভট্টাচার্য (যশোর)।
পুরনোদের মধ্যে সভাপতিমণ্ডলীতে থাকছেন সৈয়দা সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, কাজী জাফর উল্যাহ, সাহারা খাতুন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
পুরনো যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ, দীপু মনি, জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে নতুন যোগ হয়েছেন আব্দুর রহমান।
কোষাধ্যক্ষ পদে এন এইচ আশিকুর রহমানই থাকছেন নতুন কমিটিতে।


