আওয়ামী লীগের সভাপতি পদে পুনর্নির্বাচিত শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক পদে এবার ওবায়দুল কাদের নির্বাচিত হওয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
রোববার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় কচিকাঁচা ভবন মিলনায়তনে এক অনুষ্ঠানে ছিলেন মির্জা ফখরুল। এ সময় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিন ঘোষণা হয় ওই দুই শীর্ষ নেতার নাম। এ বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিএনপি নেতা তাদের অভিনন্দন জানান।
মির্জা ফখরুল বলেন, বিএনপি আশা করে গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরিয়ে দিতে আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক কাজ করবেন।
উল্লেখ্য, রোববার বিকেলে দলের সম্মেলনের দ্বিতীয় দিনে শেখ হাসিনা সভাপতি পদে পুনর্নির্বাচিত হলেন। আর ওবায়দুল কাদের প্রথম বারের মতো দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন। এই কমিটি আগামী তিন বছরের জন্য নির্বাচিত হলেন।


