আশরাফুজ্জামান নামে এক ওষুধ কোম্পানির কর্মীকে কুপিয়ে তার কাছে থাকা প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে যশোর শহরের ঘোপ এলাকায়।
আহত আশরাফুজ্জামানকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি অপসোনিন ফার্মা যশোর ডিপোতে অ্যাকাউন্টস অফিসার হিসেবে কর্মরত।
অপসোনিন ফার্মা যশোর ডিপোর ইনচার্জ আমিনুল ইসলাম জানান, বেলা ১১টার দিকে ব্যাংকে টাকা জমা দিতে প্রতিষ্ঠানের দুই অ্যাকাউন্টস অফিসার আশরাফুজ্জামান ও এহতেশামুল হাসান রিকশায় করে যাচ্ছিলেন। এ সময় শহরের ঘোপ কবরস্থান মসজিদের পাশে পৌঁছালে একটি মোরসাইকেলে করে আসা তিন যুবক তাদের রিকশার গতিরোধ করে। তাদের একজন চাপাতি দিয়ে আশরাফুজ্জামানের ডানহাতের কব্জির নিচে কোপ মেরে টাকার ব্যাগটি নিয়ে নিয়ে মোটরসাইকেলে করে চলে যায়।
এ বিষয়ে কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, এ ঘটনা শোনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।


