জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগের পুনর্নির্বাচিত সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দ বিকেলে ধানমন্ডি ৩২ এর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে ফুল দিয়ে এই শ্রদ্ধা নিবেদন করেন।
জাতিরজনক প্রতিকৃতির বেদীতে পুষ্পাঞ্জলী অর্পণের পর প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে এই মহান নেতার প্রতি শ্রদ্ধা জানান।
এ সময় দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
পরে প্রধানমন্ত্রী ঐতিহাসিক বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে প্রবেশ করেন এবং সেখানে জাতিরজনক অপর একটি প্রতিকৃতিতেও শ্রদ্ধা নিবেদন করেন।
পঁচাত্তরের ১৫ আগস্ট ভবনটির যে সিঁড়িতে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়, শেখ হাসিনা সেখানে ফাতেহা পাঠ করেন এবং বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন।
গত ২২ ও ২৩ অক্টোবর এই উপমহাদেশের অন্যতম প্রাচীন এবং বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বসম্মতিক্রমে টানা অষ্টমবারের মতো আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন এবং ওবায়দুল কাদের প্রথমবাারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হন।


