চলতি বছরেই বাংলাদেশ নৌবাহিনীতে দুটি সাবমেরিন যুক্ত হচ্ছে। সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে দেখা করে একথা জানিয়েছেন নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ।
মঙ্গলবার বিকালে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে বঙ্গভবনে যান নৌপ্রধান।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, “নৌবাহিনী প্রধান রাষ্ট্রপতিকে জানান, সাবমেরিন নির্মাণ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এ বছরেই বাংলাদেশে এসে পৌঁছাবে।”
সরকার ঘোষিত ‘ফোর্সেস গোল-২০৩০’ এর আওতায় নৌবাহিনীর উন্নয়ন কাজ এগিয়ে চলছে এবং বাংলাদেশে ফ্রিগেট নির্মাণ প্রক্রিয়াধীন বলেও জানান এডমিরাল নিজাম।
তিনি রাষ্ট্রপতিকে তার বাহিনীর সার্বিক কার্যক্রম ও উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে জানান।
নৌপ্রধান চট্টগ্রামে বিএনএস ঈশা খাঁকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানে যোগ দিতে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানান বলে প্রেস সচিব জানান।
তিনি বলেন, “সাক্ষাতের সময় রাষ্ট্রপতি বাংলাদেশের সমুদ্রসীমা এবং সমুদ্র সম্পদ রক্ষায় নৌবাহিনীকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।
“এছাড়া বিশাল সমুদ্র এলাকায় ব্লু ইকনোমির সম্ভাবনা কাজে লাগানোর জন্য পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন।”


