বুধবার ৪ নভেম্বর ২০২৬

রাইফেলের ওপর থুতনি রেখে ঘুম, গুলি বের হয়ে আহত পুলিশ

রাইফেলের ওপর থুতনি রেখে ঘুম, গুলি বের হয়ে আহত পুলিশনিজের হাতে থাকা রাইফেলের গুলিতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার বিকালে চট্টগ্রাম বন্দরের ৩ নম্বর গেইটে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বন্দর থানার এসআই রবিউল ইসলাম।

আনন্দ বড়ুয়া নামের ওই কনস্টেবলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বন্দর থানার এসআই রবিউল ইসলাম জানান, বন্দর ৩ নম্বর গেইটে দায়িত্ব পালন শেষে শেডে গিয়ে বিশ্রাম নিচ্ছিলেন আনন্দ। ওই সময় তিনি থুতনিতে গুলিবিদ্ধ হন।

নগর পুলিশের বন্দর জোনের উপ-কমিশনার হারুনর রশিদ হাজারি বলেন, “আনন্দ অস্ত্রের ওপর থুতনি রেখে শেডের চৌকিতে বসেছিল। গুলি তার থুতনি ভেদ করে ছাদে গিয়ে লাগে।”

আনন্দ আত্মহত্যার চেষ্টা করেছিলেন, নাকি অসতর্কতা থেকে দুর্ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে এই পুলিশ কর্মকর্তা জানান।

এসআই রবিউল জানান, প্রশিক্ষণ শেষে তিন মাস আগে চট্টগ্রাম মহানগর পুলিশে যোগ দেন আনন্দ। তিনি বন্দর জোনের রিজার্ভ ফোর্সে নিয়োজিত ছিলেন।

আরও পড়ুন