নড়াইল শহরের রূপগঞ্জ এলাকায় জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে এ হামলা হয়।
দলীয় কয়েকজন নেতাকর্মী জানান, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ খেলার মাঠে হস্ত-বস্ত্র ও শিল্প মেলার নামে র্যাফেল ড্র এবং জুয়া বন্ধের দাবিতে জোরালো আন্দোলন করে আসছিলেন ওয়ার্কার্স পার্টির নেতা নজরুল ইসলাম। এ কারণে চিহ্নিত সন্ত্রাসীরা তাঁর ওপর হামলা চালিয়েছে। গুরুতর আহত অবস্থায় নজরুল ইসলামকে প্রথমে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে খুলনার আবু নাছের বিশেষায়িত হাসপাতালে নেওয়া হয়।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা উদ্ঘাটনের চেষ্টা চলছে।
খোঁজ নিয়ে জানা যায়, মণিপুরী তাঁতী শিল্প, জামদানি বেনারসি কল্যাণ ফাউন্ডেশন ও গোপালগঞ্জ হ্যান্ডলুম অ্যাসোসিয়েশনের আয়োজনে গত ১৩ অক্টোবর থেকে র্যাফেল ড্রর নামে জুয়া খেলার আয়োজন করা হয়। পরবর্তী সময়ে আন্দোলনের মুখে ২৩ অক্টোবর র্যাফেল ড্র বন্ধের ঘোষণা দেন নড়াইল জেলা প্রশাসক (ডিসি) হেলাল মাহমুদ শরীফ।


