বুধবার ৪ নভেম্বর ২০২৬

জেল হত‌্যা দিবসে আওয়ামী লীগের কর্মসূচি

জয় আমাদের ভবিষ্যত লিডার: ওবায়দুল কাদেরজেল হত্যা দিবস সামনে রেখে আওয়ামী লীগের নবনির্বাচিত সম্পাদকমণ্ডলীর বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আসেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি ৩ নভেম্বরের কর্মসূচি সাংবাদিকদের সামনে তুলে ধরেন।

কাদের বলেন, ওইদিন সকাল ৭টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এবং ৮টায় বনানী কবরস্থানে জাতীয় চার নেতার মধ‌্যে তিনজনের কবরে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ করা হবে।

একই দিন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে সব দলীয় কার্যালয়ে দলীয় পতাকা ও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। চার নেতার মধ‌্যে এ এইচ এম কামরুজ্জামানের কবর রাজশাহীতে হওয়ায় রাজশাহীতেও কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ।

ওই দিন বিকাল ৩টায় ঢাকার কৃষিবিদ ইন্সটিটিউটে (কেআইবি) জাতীয় চার নেতার স্বরণ সভা হবে বলে জানান কাদের। ওই সভার সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধনমন্ত্রী শেখ হাসিনা।

১৯৭৫ এর ১৫ অাগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পরবর্তী সময়ে সেনাবাহিনীতে অভ্যুত্থান-পাল্টা অভ্যুত্থান চলে। এরই ধারাবাহিকতায় ওই বছরের ৩ নভেম্বর কারাগারে বন্দি অবস্থায় হত্যা করা হয় জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানকে।

বঙ্গবন্ধু পাকিস্তানে বন্দি থাকা অবস্থায় মুক্তিযুদ্ধের সময় মুজিবনগরে গঠিত বাংলাদেশের অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। ওই সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দীন আহমদ। এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামান মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

ওবায়দুল কাদের জানান, দলের নবনির্বাচিত কমিটি সেদিন সকালে বনানী কবরস্থানে বঙ্গবন্ধুর স্ত্রী বেগম ফজিলাতুন নেছা মুজিবের স্মৃতির প্রতিও শ্রদ্ধা জানাবে।

অন‌্যদের মধ‌্যে যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, দীপু মনি, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, এনামুল হক শামীম ও মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং কোষাধ‌্যক্ষ এন এইচ আশিকুর রহমান সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন