গুলিস্তান পাতাল মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কর্মকর্তাদের ব্যাপক সংঘর্ষ হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ওই মার্কেটে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালাতে গেলে এ ঘটনা ঘটে। এ সময় মার্কেটের ব্যবসায়ীরা নগরভবন ঘেরাও করে। যানবাহনে ব্যাপক ভাংচুর করে তারা। কার্যত দুপুরের পর থেকে গুলিস্তান রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৫/২০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট গুলিস্তানের পাতাল মার্কেটে প্রতি দোকানে ১০ হাজার টাকা করে জরিমানা করেন। এ সময় মার্কেটের সাধারণ সম্পাদক বাধা দিলে তাকে ধরে নিয়ে যায় প্রশাসনের লোকজন।
পরে ব্যবসায়ীরা নগরভবন ঘেরাও করে। এ সময় বিক্ষোভকারীরা স্লোগান দিতে থাকেন।
এরপর মেয়র সাঈদ খোকনের নেতৃত্বে নগরভবনের কর্মকর্তা-কর্মচারী এবং নিরাপত্তাকর্মীরা ব্যবসায়ীদের বোঝাতে গেলে সংঘর্ষ বাধে। এ সময় পুলিশ ১৫/২০ রাউন্ড গুলি ছোড়ে।
এ ঘটনার প্রতিবাদে ব্যবসায়ীরা হরতালের ডাক দেন এবং গুলিস্তান এলাকায় অবস্থান নিয়ে ব্যাপক গাড়ি ভাংচুর করেন।
তবে ব্যবসায়ীদের ডাকা হরতালের প্রতিবাদে হরতালবিরোধী লাঠি মিছিল বের করে শ্রমিকলীগ।
বিকাল পৌনে চারটার দিকে নগরভবন থেকে অবরুদ্ধ অবস্থা থেকে বের হয়ে ঘটনাস্থলে উপস্থিত মেয়র সাঈদ খোকন বলেন, অবৈধ স্থাপনা ও কার্যক্রম আর সহ্য করা হবে না। এসময় পুলিশি পাহারায় নগরভবনের কর্মকর্তা-কর্মচারীরা ভবনে প্রবেশ ও বের হতে পারছিলেন। পুলিশের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে বলেও জানানো হয়েছে।


