রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা বেগম নার্গিসকে হাই ডিপেন্ডেন্সি ইউনিট (এইচডিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে এ তথ্য জানিয়েছেন খাদিজার বাবা মাসুক মিয়া।
মাসুক মিয়া বলেন, বুধবার রাতে চিকিৎসকেরা তাকে কেবিনে স্থানান্তর করেন। তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে দেখেই চিকিৎসকেরা এই সিদ্ধান্ত নিয়েছেন।
খাদিজার বাবা বলেন, খাদিজার সুস্থ হতে দীর্ঘ পুনর্বাসন দরকার। তার বাঁ হাত ও পা এখনো অবশ রয়েছে। এর জন্য তাকে ফিজিওথেরাপি দেওয়া হচ্ছে।
মাসুক মিয়া বলেন, চিকিৎসকেরা বলেছেন, এখনো তার ব্রেইনের কিছু অংশ ড্যামেজ রয়েছে। কয়েকটি শব্দ ছাড়া সে ঠিকমতো কথা বলতে পারছে না। তার স্বাভাবিকভাবে কথা বলতে ও সুস্থ হতে আরো সময় লাগবে।
গগত ৩ অক্টোবর বিকেলে এমসি কলেজ ক্যাম্পাসে প্রকাশ্যে নার্গিসকে কুপিয়ে জখম করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সহ-সম্পাদক লম্পট বদরুল আলম। প্রথমে তাকে ভর্তি করা হয় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে। অবস্থার অবনতি হলে গত ৪ অক্টোবর ভোরে তাকে স্থানান্তর করা হয় রাজধানীর স্কয়ার হাসপাতালে।


