বুধবার ৪ নভেম্বর ২০২৬

ওর বিরুদ্ধে কিছু বলতে চাই না: মনিরুল প্রসঙ্গে র‌্যাব ডিজি

ওর বিরুদ্ধে কিছু বলতে চাই না: মনিরুল প্রসঙ্গে র‌্যাব ডিজিকাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলামের দিকে ইঙ্গিত করে র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, ‘ও আমার জুনিয়র অফিসার। আমার স্নেহের। ওর বিরুদ্ধে কিছু বলতে চাই না।’

বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে সাক্ষাত শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

সচিবালয়ে অপরাধ বিষয়ক ত্রৈমাসিক সভায় যোগ দেয়ার আগে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একান্তে ৩০ মিনিট সাক্ষাত করেন র‌্যাবের মহাপরিচালক।

সাক্ষাত শেষে বেনজীর আহমেদ উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘আমি যা বলেছি তথ্য প্রমাণ দিয়েই বলেছি। এ নিয়ে বিভ্রান্তির কিছু নেই। আমি পাল্টা কোনও মন্তব্য করবো না। ও ফাঁদে পা দিতে পারে, কিন্তু আমি কোনো ফাঁদে পা দেবো না।

মনিরুল ইসলামের দিকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, ‘ও আমার জুনিয়র অফিসার। আমার স্নেহের। ওর বিরুদ্ধে কিছু বলতে চাই না।’

সম্প্রতি ইতালির নাগরিক তাভেল্লা সিজার হত্যায় নব্য জেএমবির আমির আব্দুর রহমান জড়িত বলে বক্তব্য দেন বেনজির।

অথচ ঢাকা মহানগর পুলিশ বিএনপি নেতা আব্দুল কাইয়ুমসহ সাত জনকে আসামী করে চার্জশীট দিয়েছে।

র‌্যাবের ডিজির বক্তব্যের পর মনিরুল ইসলাম বলেন, ফৌজদারি মামলার তদন্ত হয় সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে। সেখানে কারও ক্রিয়েটিভ ওয়ার্কের সুযোগ নেই।

দু’রকম বক্তব্যের পর এ নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। এরমধ্যেই এমন বক্তব্য রাখলেন বেনজির আহমেদ।

পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। আইজিপি একেএম শহীদুল হকের সভাপতিত্বে সভায় সকল পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, পুলিশ সুপার, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান এবং পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন