বুধবার ৪ নভেম্বর ২০২৬

‘মক্কার দিকে’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

'মক্কার দিকে' ক্ষেপণাস্ত্র নিক্ষেপইয়েমেনের হুথি বিদ্রোহীরা ‘মক্কার দিকে’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। মক্কার কাছে এটিকে ভূপাতিত করা হয়েছে বলে শুক্রবার সৌদি নেতৃত্বাধীন জোট এ দাবি করেছে।

এটি সৌদি আরবের বিরুদ্ধে হুথি বিদ্রোহীদের সর্বোচ্চ দূরত্বে ক্ষেপণাস্ত্র হামলার অন্যতম বলেও দাবি করেছে সামরিক জোটটি।

গণতান্ত্রিক সরকার উৎখাত করায় গত বছরের মার্চ মাস থেকে সৌদি নেতৃত্বাধীন জোট হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে বোমা হামলা চালাচ্ছে।

বিদ্রোহীদের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সৌদি আরব প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে।

জোট বাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, হুথি বিদ্রোহীরা বৃহস্পতিবার সন্ধ্যায় সীমান্তের ওপারে তাদের সাদা প্রদেশের ঘাঁটি থেকে ‘মক্কা এলাকার দিকে’ ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করে।

এতে আরও বলা হয়, ‘সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মক্কা থেকে প্রায় ৬৫ কিলোমিটার দূরে ক্ষেপণাস্ত্রটি প্রতিহত ও ধ্বংস করতে সক্ষম হয়। এই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।’

এদিকে হুথি বিদ্রোহীরা ওয়েবসাইটভিত্তিক সাবানিউজ জানায়, তারা মক্কার পশ্চিমে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে একটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

মক্কা ইয়েমেন সীমান্ত থেকে ৫০০ কিলোমিটার দূরে অবস্থিত। এই নিয়ে চলতি মাসে দ্বিতীয় বারের মতো বিদ্রোহীরা এতোটা দূরত্বে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল।

এর আগে সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে বলা হয়, ৯ অক্টোবর তারা তায়েফের কাছে একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।

আরও পড়ুন