বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

ভোট সুষ্ঠু হয়েছে: সিইসি রকিবউদ্দীন

ভোট সুষ্ঠু হয়েছে: সিইসি রকিবউদ্দীনক্ষমতাসীনদের বিরুদ্ধে কেন্দ্র দখলের অভিযোগ বিএনপি করলেও প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদের দাবি, প্রায় চারশ ইউনিয়ন পরিষদে এই ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে।

গত মার্চ-জুনে শেষ হওয়া ছয় ধাপের ইউপি নির্বাচনে অনিয়মের কারণে স্থগিত কেন্দ্রসহ শূন্য পদে উপ-নির্বাচন এবং সমভোট প্রাপ্ত প্রার্থীদের মধ্যে পুনঃভোট ছাড়াও বিলুপ্ত ছিটমহলের এসব ইউনিয়ন পরিষদে ভোট হয় সোমবার।

সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে। এরইমধ্যে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, প্রশাসনের মদদে ক্ষমতাসীনরা ভোটকেন্দ্র দখল করলেও তা ঠেকাতে পদক্ষেপ নেয়নি নির্বাচন কমিশন।

তবে সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলানগরে ইসির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিএনপির এই অভিযোগ নাকচ করেন সিইসি কাজী রকিব।

তিনি বলেন, “বিলুপ্ত ছিটমহলসহ প্রায় চারশ’ ইউপিতে ভোট হয়েছে শান্তিপূর্ণ। যারা অনিয়মের সঙ্গে জড়িত ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।”

কাজী রকিবউদ্দীন জানান, ৬০ জেলার ২০২টি উপজেলায় অনুষ্ঠিত এ নির্বাচনে মোট ভোটকেন্দ্র ছিল এক হাজার ৩৫৪টি। এরমধ্যে কেন্দ্রের বাইরে পরিস্থিতি রিটার্নিং অফিসারের নিয়ন্ত্রণের বাইরে যাওয়ায় দুটি কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়।

এই নির্বাচনে বিলুপ্ত ছিটমহলের বাসিন্দাদের ভোটাধিকার প্রয়োগকে ঐতিহাসিক হিসেবে বর্ণনা করেন প্রধান নির্বাচন কমিশনার।

তিনি বলেন, “সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশে ২২টি ছিটমহলের বাসিন্দারা তাদের ভোট দিয়েছেন।

“ছয় দশকেরও বেশি সময় পরে ছিটমহলবাসী প্রথমবারের মতো তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন।”

গত বছর বহু প্রতীক্ষিত বাংলাদেশ-ভারতের সীমান্ত চুক্তি বাস্তবায়নের মধ্য দিয়ে নানা বঞ্চনার অবসান হয় ছিটবাসীদের। বাংলাদেশের ৫১টির বিনিময়ে ভূ খণ্ডের মধ্যে থাকা ভারতের ১১১টি ছিটমহলের বাসিন্দারা পায় এদেশের নাগরিকত্ব।

আরও পড়ুন