গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি মন্দির থেকে প্রতিমাসহ বিভিন্ন মালামাল চুরি হয়েছে। সোমবার রাতে উপজেলার শেওড়াতলী শ্রী শ্রী নিতাই গৌরাঙ্গ প্রভুর আশ্রমের মন্দিরে চুরির ঘটনা ঘটে।
এ ঘটনায় মন্দিরের সহ-সভাপতি স্বপন কুমার সাহা বাদী হয়ে একটি মামলা করেছেন বলে জানান কালিয়াকৈর থানার ওসি মো. আব্দুল মোতালেব মিয়া।
মন্দিরের সেবায়েত সুবল চন্দ্র চক্রবর্তী বলেন, “রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা আশ্রমের দরজার তিনটি তালা ভেঙে ভেতরে ঢোকে। পরে তারা সাড়ে পাঁচ কেজি ওজনের একটি পিতলের গোপাল মূর্তি ও নগদ চার হাজার টাকাসহ সাড়ে তিন লাখ টাকা মূল্যের বিভিন্ন মালামাল নিয়ে যায়।”
ওসি জানান, এ ঘটনায়র জড়িতদের গ্রেপ্তার ও চুরি হওয়া মালামাল উদ্ধারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


