ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মন্দির ও হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার ঘটনা নিয়ন্ত্রণে পুলিশের গাফিলতি ছিল না বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে পুলিশ আরও তৎপর থাকতে পারত বলে তিনি মনে করেন।
বৃহস্পতিবার সচিবালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমাদের কোনো গ্যাপ ছিল কি না, দেখা হচ্ছে। তবে আমরা মনে করি, পুলিশ বাহিনী বা ওই কর্মকর্তার (ওসি) কোনো গ্যাপ ছিল না। তারা আরও তৎপর থাকতে পারত। এ জন্যই ওসিকে প্রত্যাহার করা হয়েছে।’
মন্ত্রী বলেন, ওই ঘটনা তাঁরা ভালোভাবেই নিয়ন্ত্রণ করেছেন। যে কারণে এ ঘটনা ঘটেছিল, সে বিষয়েও তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রীও তাৎক্ষণিকভাবে টিম পাঠিয়েছেন। দলীয়ভাবেও টিম গিয়েছে। হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ থেকে টিম গিয়েছে। কী ঘটনা ঘটেছে তা সবাই জানে।
আজকের এ সভা ছিল আসন্ন বিশ্ব ইজতেমা প্রস্তুতি নিয়ে। আগামী ১৩ থেকে ১৫ জানুয়ারি প্রথম দফায় ও ২০ থেকে ২২ জানুয়ারি দ্বিতীয় দফায় বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।


