ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী এলাকার একটি চালের মিল থেকে নিরাপত্তা কর্মীদের বেঁধে অস্ত্রের মুখে ৫৬১ বস্তা চাল লুট করে নিয়ে গেছে ডাকাতরা।
শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই মিলের নিরাপত্তা কর্মীসহ চার জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার রাত ২টার দিকে ২০/২৫ জনের একদল ডাকাত ঢুকে মিলে থাকা তিন নিরাপত্তা কর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে রাখে। এরপর তারা গুদামে থাকা ৫০ কেজি ওজনের প্রায় ৫৬১ বস্তা চাল দুইটি ট্রাকে করে নিয়ে পালায়।
লুট হওয়া চালের আনুমানিক মূল্য প্রায় ১১ লাখ ২২ হাজার টাকা বলে দাবি করেছেন মিল মালিক মনিরুল ইসলাম মনা।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ হরেন্দ্রনাথ সরকার জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্তসাপেক্ষে এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।


