বুধবার ৪ নভেম্বর ২০২৬

রাজশাহী জেলা বিএনপির সহ-সভাপতির গুলিবিদ্ধ লাশ উদ্ধার

রাজশাহী জেলা বিএনপির সহ-সভাপতির গুলিবিদ্ধ লাশ উদ্ধার
রাজশাহীতে নিজ বাড়ি থেকে এক বিএনপি নেতার মাথায় গুলিবিদ্ধ লাশ পাওয়া গেছে।

নিহত খন্দকার মাইনুল ইসলাম (৫৬) রাজশাহী জেলা বিএনপির সহ সভাপতি।

সোমবার বেলা দেড়টার দিকে নগরীর পাঠানপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান বলে জানান বোয়ালিয়া থানার ওসি শাহাদত হোসেন।

তিনি বলেন, রাজশাহী ফায়ার সার্ভিসের কার্যালয়ের সামনে মাইনুল ইসলামের বাড়ি। গুলির শব্দ শুনে কর্মীরা গিয়ে মূল বাড়ি সংলগ্ন বসার ঘর থেকে মাইনুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানান।

লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

পরে সেখান থেকে তার লাইসেন্স করা পিস্তল উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।

পরিবারের বরাত দিয়ে ওসি বলেন, ব্যাংকে মাইনুলের ৫৫ কোটি টাকার মতো ঋণ রয়েছে। সম্প্রতি যমুনা ব্যাংকের পক্ষ থেকে ঋণ খেলাপি হিসেবে তার বিরুদ্ধে মামলাও হয়।

নিহতের ছেলে লেমন জানান, তার বাবার ব্যাংক থেকে অনেক টাকা ঋণ নেওয়া ছিল। এসব কারণে তিনি দুঃচিন্তায় ভুগতেন। এর আগেও তিনি স্টোক করেছেন।

ওসি শাহাদত হোসেন বলেন, ‘মাইনুল ইসলাম নিজে তার মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন। তার ডান কান দিয়ে গুলি ঢুকে বাম কান দিয়ে বের হয়ে যায়। ধারণা করা হচ্ছে, ঋণ ও মামলা নিয়ে মানসিক চাপে থাকায় পিস্তল দিয়ে মাথায় গুলি করে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা পুলিশের।

ওসি আরও জানান, তার আত্মহত্যায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি পুলিশের ক্রাইমসিন বিভাগ জব্দ করেছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন