বুধবার ৪ নভেম্বর ২০২৬

দণ্ডিত এমপি বদির জামিন স্থগিত চেয়েছে দুদক

দণ্ডিত এমপি বদির জামিন স্থগিত চেয়েছে দুদকসম্পদের তথ্য গোপনের মামলায় কারাদণ্ডপ্রাপ্ত কক্সবাজার-৪ আসনের সরকার দলীয় সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে দেওয়া জামিন স্থগিত চেয়ে আবেদন করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় দুদকের আইনজীবী খুরশিদ আলম খান এ আবেদন করেন।

এর আগে বুধবার হাইকোর্টের একটি বেঞ্চ এমপি বদিকে ৬ মাসের জামিন দেন। সাজার বিরুদ্ধে এমপি বদির আপিল শুনানি শেষে বিচারপতি মো. রুহুল কুদ্দুসের একক হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

সম্পদের তথ্য গোপনের অভিযোগে গত ২ নভেম্বর বদিকে তিন বছরের কারাদণ্ড ও দশ লাখ টাকা জরিমানার আদেশ দেয় ঢাকার বিশেষ জজ আদালত-৩। এছাড়া জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। এই সাজার রায়ের বিরুদ্ধে বদির পক্ষে হাইকোর্টে আপিল দাখিল করেন অ্যাডভোকেট নাসরিন সিদ্দিকা লিনা। বদির বিরুদ্ধে প্রায় ১১ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ থাকলেও আদালত এই অভিযোগে তাকে কোনো দণ্ড দেননি। দণ্ড হয়েছে মূলত দুদকে দাখিল করা তথ্যে সম্পদের হিসাব গোপনের দায়ে।

দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মো. আব্দুস সোবহান ২০১৪ সালের ২১ আগস্ট ঢাকার রমনা থানায় এমপি বদির বিরুদ্ধে এ মামলা করেন।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে এমপি বদির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০১৪ সালের ২১ আগস্ট অভিযোগপত্র দেয়। এতে বলা হয়, সার্বিক তদন্তে আবদুর রহমান বদি তার জ্ঞাত আয়বহির্ভূত ১০ কোটি ৮৬ লাখ ৮১ হাজার ৬৬৯ টাকা মূল্যমানের সম্পদ গোপন করে মিথ্যা তথ্য দিয়েছেন।

এছাড়া ২০০৮ ও ২০১৩ সালে নির্বাচন কমিশনে দাখিল করা সম্পদ বিবরণী পর্যালোচনায় দেখা গেছে, তার সম্পদের পরিমাণ ৩৫১ গুণ বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুন