সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের ওপর গুরুত্ব দিয়েছে ইউরোপিয়ান পার্লামেন্ট- জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ইউরোপিয়ান পার্লামেন্টের ট্রেড কমিটির একটি প্রতিনিধি দলের বৈঠক শেষে তিনি এ কথা সাংবাদিকদের জানান।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
মির্জা ফখরুল বলেন, সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় ইউরোপিয়ান পার্লামেন্ট। এজন্য তারা নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের ওপর গুরুত্ব দিয়েছেন।
বৈঠকে ইউরোপিয়ান পার্লামেন্টের ট্রেডের চেয়ারম্যান বার্নেড লেগ ছাড়াও দক্ষিণ এশিয়া কমিটির চেয়রাম্যান জিন ল্যাম্বার্ট ও পার্লামেন্টের চার জন এমএপি দুজন কর্মকর্তাসহ কমিশনের উচ্চ পদস্থ একটি প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।
এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।


