জাকির নায়েকের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের ১০টি কার্যালয়ে তল্লাশি শুরু করেছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। শনিবার সকাল থেকে মুম্বাইয়ে তার ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের কার্যালয়গুলোতে অভিযান শুরু করেছে এনআইএ। জাকির নায়েক ও তার ইসলামি রিসার্চ ইন্সটিটিউট এর বিরুদ্ধে মামলার দায়েরের পর এসব কার্যালয়ে তল্লাশি চালিয়েছে পুলিশ।
শুক্রবার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জাকির নায়েককে আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন এবং সন্ত্রাসের সমর্থক আখ্যা দিয়ে বিবৃতি জারি করে। মামলায় জাকির নায়েকর বিরুদ্ধে বেআইনি কাজকর্ম প্রতিরোধ আইনের ১০, ১৩ ও ১৮ ধারা এবং ধর্মীয় বিভেদ সৃষ্টির আওতায় ১৫৩ ধারায় মামলা করা হয়েছে।
মামলার বিষয়ে জাকির নায়েককে জিজ্ঞাসাবাদ করতে তাকে শিগগিরই দেশে ফেরানো হবে বলেও জানিয়েছেন গোয়েন্দারা। বর্তমানে জাকির নায়েক সৌদি আরবে অবস্থান করছেন বলে জানা গেছে।
উল্লেখ্য, গত জুনে ঢাকার গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার পর অভিযোগ ওঠে জাকির নায়েকের বক্তব্যে হামলাকারীরা প্রভাবিত হয়েছিলেন।
এরপর মুম্বাই পুলিশ কমিশন গঠন করে তদন্তে জাকির নায়েকের প্রতিষ্ঠান আইআরএফের বিরুদ্ধে সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) কাছে যোদ্ধা পাঠানো এবং বিভিন্ন মানুষকে মুসলিম হিসেবে ধর্মান্তরিত করার প্রমাণ পাওয়ার দাবি করে। সে সময়ে আইআরএফকে নিষিদ্ধ করা হয়। আর সবশেষ জাকির নায়েকের বিরুদ্ধে মামলা দায়ের করা হল।



Leave a Reply