আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২৭ জনের প্রাণহানি হয়েছে, আহত হয়েছেন আরও ৩৫ জন।
বাকির উল উলুম নামের ওই মসজিদে এই হামলার ঘটনা ঘটে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, এক অনুষ্ঠান চলার সময় জনবহুল ওই শিয়া মসজিদটিতে ঢুকে পড়ে আত্মঘাতী হামলাকারী।
কাবুল সিআইডি পুলিশের প্রধান ফারিদুন ওবায়দি বলেন, শিয়া মুসল্লিদের উপর এই বিস্ফোরণে অন্তত ২৭ জন নিহত হয়েছেন; আহত হয়েছেন ৩৫ জন।
তাৎক্ষণিকভাবে এই হামলার দায় স্বীকার করেনি কেউ।
আফগানিস্তানের মোট জনসংখ্যার প্রায় ১৫ শতাংশ শিয়া মুসলিম। পাকিস্তান ও ইরাকের মতো শিয়া-ছুন্নি সাম্প্রদায়িক সহিংসতা এই দেশে নেই।
এর আগে জুলাইতে কাবুলে শিয়াদের এক বিক্ষোভ সমাবেশে হামলায় ৮০ জন নিহত হন, যার দায় স্বীকার করেছিল তথাকথিত ইসলামিক স্টেট।


