ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর অস্বাভাবিক মৃত্যুর বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি মনিটরিং করছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও ছাত্রলীগের প্রাক্তন সহ-সভাপতি জহির উদ্দিন মাহমুদ লিপটন।
মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় প্রয়াত ছাত্রলীগ নেতা দিয়াজ ইরফান চৌধুরীর বাসায় তার পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে একথা জানান তিনি।
ছাত্রলীগের প্রাক্তন এই নেতা বলেন, প্রধানমন্ত্রী আমাদের পাঠিয়েছেন এখানে। আমাদের অভিভাবক প্রধানমন্ত্রীই ছাত্রলীগ নেতা দিয়াজের বিষয়টি দেখছেন।
এ সময় ঘটনা সুষ্ঠুভাবে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন এই আওয়ামী লীগের এই নেতা।
এর আগে মঙ্গলবার বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদসংলগ্ন কবরস্থানে দিয়াজের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ছাত্রলীগের বর্তমান ও প্রাক্তন কেন্দ্রীয় নেতারা। এ সময় তারা দিয়াজের আত্মার মাগফেরাত কামনা করেন।
দিয়াজের বাসায় সমবেদনা জানাতে আসেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, ছাত্রলীগের প্রাক্তন সাধারণ সম্পাদক মাহাফুজুল হায়দার চৌধুরী রোটন, কেন্দ্রীয় ছাত্রলীগের জ্যেষ্ঠ সহসভাপতি এরশাদুর রহমান চৌধুরী, সহসভাপতি শাহাদাত হোসেন রাজন, সহসভাপতি আদিত্য নন্দী, সহসভাপতি মাহফজু রহমান রাসেল, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন ইমু, সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি, নগর সহসভাপতি ইয়াসিন আরাফাত কচি, উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি বখতিয়ার হোসেন ইরান, সাধারণ সম্পাদক আবু তৈয়ব, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য অমিত কুমার বসু ও মোয়াজ্জেম হোসেন জেমসসহ প্রায় অর্ধশতাধিক নেতা-কর্মী।
দিয়াজের পরিবারকে সমবেদনা জানাতে আসলে দলীয় নেতা-কর্মীদের কাছে কান্নায় ভেঙে পড়েন দিয়াজের স্বজনরা।
এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দিয়াজের শোকার্ত মায়ের সঙ্গে মুঠোফোনে কথা বলে সান্ত্বনা দেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকি হোসাইন বলেন, ‘দিয়াজ ইরফান বাংলাদেশ ব্যাংকের সহাকারী পরচালক পদে নিয়োগ পেয়ে ছিলেন। এর আগে ৩৪তম বিসিএসেও টিকেছে। তার মত মেধাবী নেতাকে হারিয়ে ছাত্রলীগ পরিবার শোকে বিহ্বল। এ রকম একজন মেধাবী নেতা চবি ছাত্রলীগ আমাদের উপহার দিতে পারবেন কি না আমরা সন্দেহ প্রকাশ করছি। দিয়াজের ময়নাতদন্ত শেষে আমরা এই বিষয়ে মন্তব্য করব।’



Leave a Reply