বুধবার ৪ নভেম্বর ২০২৬

শাহানূরের ঘটনায় জড়িত যেই থাকুক ছাড় পাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

শাহানূরের ঘটনায় জড়িত যেই থাকুক ছাড় পাবে না: স্বরাষ্ট্রমন্ত্রীঝিনাইদহে শাহানূর বিশ্বাসের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার দুপুরে রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ সেন্টারের (বিএআরসি) এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য উন্মোচন ও আলোচনা সভায় তিনি বলেন, ‘যারা এ কাজ করেছে তারা মানুষ না। এটি কোন মানুষ করতে পারে না। আর যারা করেছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিদেরও গ্রেপ্তার করা হয়েছে। যারা পলাতক রয়েছে তাদের গ্রেপ্তারে পুলিশ তৎপর আছে। জোরালোভাবে ঘটনার তদন্ত হচ্ছে। জড়িত যেই থাকুক ছাড় দেওয়া হবে না।’

অপর প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এখন শান্ত পরিবেশ বিরাজ করছে। হিন্দুদের মন্দির ও ঘরবাড়িতে যারা হামলা করেছে তাদের গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত আছে। কারা, কি কারণে এ হামলা করেছে তা বেরিয়ে এসেছে। আরও তদন্ত চলছে। তদন্তের পরই বিস্তারিত বলা হবে।’

এর আগে মন্ত্রী বিএআরসি প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ভাস্কর্য উন্মোচন করেন।

উল্লেখ্য, ১৬ অক্টোবর ঝিনাইদহের কালীগঞ্জ থানার নলভাঙ্গা গ্রামে মেয়েকে উত্যক্ত করার প্রতিবাদ করায় বখাটেরা শাহানূরকে লোহার শাবল দিয়ে পিটিয়ে মাটিতে ফেলে হাতুড়ি ও ছেনি দিয়ে হাঁটুতে আঘাত করে। একই সঙ্গে লোহার রড দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় পেটায়। এতে বর্গাচাষি শাহানূরের দুই পায়ের হাঁটুর ওপর কেটে ফেলতে হয়েছে। তিনি এখন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন।

আরও পড়ুন