সরকারের অনুমতি ছাড়া ঢাকার রাস্তায় কোনো ট্যাক্সিক্যাব সার্ভিস চালু করা শাস্তিযোগ্য অপরাধ। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির ভাষ্যমতে ‘উবের’ শাস্তিযোগ্য অপরাধ করেছে।
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) জনকণ্ঠসহ বেশ কয়েকটি জাতীয় দৈনিকে ঘোষণা দিয়ে জানিয়েছে, ট্যাক্সিক্যাব পরিচালনা হয়ে থাকে গাইডলাইন, ২০১০ অনুযায়ী কোনো কম্পানি পরিচালনা করলে তাকে অবশ্যই বিআরটিএ’র মাধ্যমে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অনুমতি নিতে হবে। বিআরটিএ বলছে, সেই অনুমোদন উবের কর্তৃপক্ষ নেয়নি।
অনলাইনভিত্তিক ট্যাক্সি সার্ভিস ‘উবের’ সম্পূর্ণ অবৈধভাবে পরিচালিত হয়ে আসছে। যা মোটরযান আইন ও বিধির পরিপন্থী। এ ধরনের বেআইনি কার্যকলাপ থেকে ‘উবের’কে বিরত থাকার জন্য বলেছে বিআরটিএ কর্তৃপক্ষ।
উবের অ্যাপ ব্যবহার করে বেশ সহজে ট্যাক্সি ভাড়া করা যায়। এর জন্য অ্যাপল স্টোর বা গুগল প্লে থেকে ফ্রি উবের অ্যাপ ডাউনলোড করে ফোন নম্বর এবং ই-মেইল দিয়ে সাইন আপ করে গন্তব্য নির্বাচন করতে হয় এর কিছুক্ষণের মধ্যেই একজন চালক ট্যাক্সি নিয়ে পৌঁছে যায় গ্রাহকের কাছে।
সম্প্রতি ঢাকার রাস্তায় আন্তর্জাতিক ট্যাক্সি সেবাদাতা প্রতিষ্ঠান উবের কার্যক্রম শুরু করেছে। বিশ্বের ৭৪টি দেশের ৪৫০টি শহরে উবের সুবিধা রয়েছে। শহরগুলোতে প্রতিদিন গড়ে ৫০ লাখেরও বেশিবার উবের ব্যবহার করে ট্যাক্সি ভাড়া করা হয়। ভাড়া অন্যান্য ট্যাক্সির চেয়ে তুলনামূলক কম। কিন্তু বাংলাদেশে উবের চালুর মুখেই বিতর্কে পড়ল।


