বুধবার ৪ নভেম্বর ২০২৬

মেয়র মান্নানকে জেলগেট থেকে গ্রেপ্তার করা যাবে না: হাইকোর্ট

মেয়র মান্নানকে জেলগেট থেকে গ্রেপ্তার করা যাবে না: হাইকোর্টগাজীপুর সিটি করপোরেশনের বরখাস্তকৃত মেয়র অধ্যাপক এমএ মান্নানকে কারামুক্তির পর জেল গেট হতে নতুন কোনো মামলায় গ্রেফতার না করার জন্য সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একইসঙ্গে জেল গেটে নতুন মামলায় গ্রেফতার দেখানো কেন বেআইনি ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজি, গাজীপুরের ডিসি, পুলিশ সুপার এবং সকল থানার ওসিসহ সংশ্লিষ্ট বিবাদীদেরকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি শেখ হাসান আরিফের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেন।

গত সপ্তাহে দুদকের করা মামলায় মান্নানকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখে আপিল বিভাগ। মুক্তি পাওয়ার পূর্ব মুহূর্তে তাকে চাঁদাবাজির মামলায় গ্রেফতার দেখায় গাজীপুর পুলিশ। পরে এই গ্রেফতার দেখানোর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন মান্নান।

আবেদনের পক্ষে আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোকলেসুর রহমান শুনানি করেন। শুনানি শেষে হাইকোর্ট উপরোক্ত আদেশ দেয় বলে জানান মান্নানের আরেক আইনজীবী মো. আবু হানিফ।

আরও পড়ুন