বুধবার ৪ নভেম্বর ২০২৬

‘মর্মান্তিক বিপর্যয় থেকে জাতি রক্ষা পেয়েছে’

‘মর্মান্তিক বিপর্যয় থেকে জাতি রক্ষা পেয়েছে’হাঙ্গেরি সফরের যাত্রার মাঝপথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানের যান্ত্রিক ত্রুটির কারণে নিরাপদে জরুরি অবতরণের ফলে মর্মান্তিক বিপর্যয় থেকে জাতি রক্ষা পেয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার বাইতুল মোকাররম জাতীয় মসজিদে জুমার নামাজের পরে সাংবাদিকদের তিনি একথা বলেন।

আওয়ামী লীগের সরকারের এই মন্ত্রী বলেন, আল্লাহর বিশেষ রহমতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রক্ষা পেয়েছেন। আল্লাহর অশেষ রহমত নেত্রীকে হেফাজত করেছে। সেদিন ইতিহাসের আরেকটা মর্মান্তিক বিপর্যয় ঘটে যেতে পারতো। সেদিন মহাসঙ্কটের আরেকটি কালো ছায়া জাতির জীবনে নেমে আসতে পারতো।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, এখানে দুর্ঘটনা নাকি অবহেলা নাকি ইচ্ছাকৃত- সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশের পর বলা যাবে।

প্রধানমন্ত্রীর বহর দুর্ঘটনার ঝুঁকি থেকে রক্ষা পাওয়ায় আজ ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে সারা দেশে প্রার্থনা ও দোয়ার কর্মসূচি ঘোষণা করা হয়। এদিকে বায়তুল মোকাররমে জুমার নামাজের পর দোয়া অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় নেতারা অংশ নেন।

প্রসঙ্গত, পানি সম্মেলনে অংশ নিতে চার দিনের সফরে গত ২৭ নভেম্বর বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। কিন্তু যাত্রাপথে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে পাইলট গতিপথ পরিবর্তন করে তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণ করান। যান্ত্রিক ত্রুটি সারানোর পর নির্ধারিত সময়ের চার ঘণ্টা দেরিতে বুদাপেস্টে পৌঁছান প্রধানমন্ত্রী।

আরও পড়ুন