সাহসিকতা ও বুদ্ধিমত্তা দিয়ে একটি প্রাণ বাঁচানোর পুরস্কার পেয়েছেন রেলের অস্থায়ী গেইটম্যান বিল্লাল হোসেন মজুমদার। রোববার রেলভবনে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ে তাকে পুরস্কৃত করে বলে রেলপথ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গত ২১ নভেম্বর নারায়ণগঞ্জের চাষাঢ়া স্টেশন সংলগ্ন লেভেল ক্রসিংয়ে আত্মহত্যার উদ্দেশ্যে রেললাইনের উপর শুয়ে পড়া এক ব্যক্তিকে বাঁচিয়েছিলেন বিল্লাল।
রেলপথমন্ত্রী মুজিবুল হক রেলকর্মী বিল্লালের হাতে নগদ এক লাখ টাকা তুলে দেন। সেই সঙ্গে পাজামা, পাঞ্জাবি, টুপি, লুঙ্গি দেওয়া হয় তাকে।
মুজিবুল হক বলেন, “নিজের জীবন বাজি রেখে যে অন্যকে বাঁচালো সে শুধু রেলওয়ের নয়, দেশের গর্ব। রেলওয়ের লোকজন এভাবে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে থাকে।”
অনুষ্ঠানে জানানো হয়, বিল্লাল যে মুহূর্তে ওই ব্যক্তিকে রেললাইনের উপর থেকে তুলে নিয়েছিলেন, তার কয়েক সেকেন্ডের মধ্যেই একটি ট্রেন ওই পথ অতিক্রম করে।
বিল্লাল তার চাকরি স্থায়ী করার আবেদন করলে তার বয়সের সীমাবদ্ধতার কথা তুলে ধরেন মন্ত্রী। তবে বিষয়টি বিশেষ বিবেচনার জন্য রাষ্ট্রপতির কাছে তোলা হবে বলে জানান তিনি। তার ছেলে-মেয়ের মধ্যে যোগ্যতার ভিত্তিতে চাকরি দেওয়ার আশ্বাসও দেন তিনি।
অনুষ্ঠানে রেলপথ সচিব ফিরোজ সালাহ উদ্দিন, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেনও ছিলেন।


