‘নিজেদের কথা মত’ অধ্যক্ষ নিয়োগ দিতে না পেরে সিরাজগঞ্জ সদরের রতনকান্দি ইউনিয়নের কুড়িপাড়া কলেজে তালা দেওয়ার ১৫ দিন পর অবশেষে খুলে দিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রবিউল করিম জানান, সোমবার সকালে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মুক্তাদির বকুল কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি আজাহার আলীকে ডেকে এনে কলেজের সব কক্ষের তালা খুলে দেন।
অধ্যক্ষ নিয়োগ নিয়ে দ্বন্দ্বের জেরে গত ২১ নভেম্বর কলেজ চলাকালে রতনকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা খোকন ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মুক্তাদির বকুল লোকজন নিয়ে কলেজের অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেন বলে জানান রবিউল করিম।
এরপর গত ২৬ নভেম্বর কলেজে এইচএসসির শিক্ষার্থীদের টেস্ট পরীক্ষা চলাকালে তাদের বের করে দিয়ে কলেজের সব কক্ষে তারা তালা লাগিয়ে দেন বলে জানান কলেজটির এ ভারপ্রাপ্ত অধ্যক্ষ।
তিনি বলেন, “রোববার জেলা শিক্ষা কর্মকর্তা কলেজের শিক্ষকদের সঙ্গে বৈঠক করেন। এরপর সকালে আব্দুল মুক্তাদির বকুল এসে কলেজের তালা খুলে দেন।”
এ বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা মো. শফিউল্লাহ বলেন, “কলেজের শিক্ষকদের সঙ্গে বৈঠকে ঘটনা সম্পর্কে বিস্তারিত জেনে কলেজ খুলে দেওয়ার জন্য আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলি। পরে আজ (সোমবার) তারা কলেজের তালা খুলে দিয়েছেন।”
অধ্যক্ষ নিয়োগের বিষয়টি আপাতত স্থগিত রাখা হয়েছে জানিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেন, পরবর্তীতে উভয়পক্ষের আলোচনার ভিত্তিতে বিষয়টির নিস্পত্তি করা হবে।
তাছাড়া এইচএসসি পরীক্ষার্থীদের স্থগিত টেস্ট পরীক্ষা মঙ্গলবার থেকে নেওয়া হবে বলে জানান তিনি।



Leave a Reply