বুধবার ৪ নভেম্বর ২০২৬

সরকারকে প্রতিহত করে গণতন্ত্রকে স্থায়ী রুপ দেয়ার ডাক খালেদার

সরকারকে প্রতিহত করে গণতন্ত্রকে স্থায়ী রুপ দেয়ার ডাক খালেদারবিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, আমাদের গণতন্ত্র বার বার হোঁচট খেয়েছে তার অগ্রযাত্রায়। কিন্তু এদেশের গণতন্ত্রপ্রিয় মানুষ সকল বাধাকে অতিক্রম করে গণতন্ত্রের পথচলাকে নির্বিঘ্ন করেছে। শত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্র এখনো শঙ্কামুক্ত নয়। আওয়ামী লীগ সরকারকে প্রতিহত করে গণতন্ত্রকে স্থায়ী রুপ দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান সাবেক এই প্রধানমন্ত্রী

স্বৈরাচার পতন ও গণতন্ত্র মুক্তি দিবস উপলক্ষে এক বাণীতে খালেদা জিয়া আরও বলেন, ৬ ডিসেম্বর আমাদের জাতীয় ইতিহাসের এক অবিস্মরণীয় দিন। ১৯৯০ সালের এ দিনে দীর্ঘ ৯ বছরের অগ্নিঝরা আন্দোলনের পর পতন ঘটেছিলো সামরিক স্বৈরশাসক এরশাদের। যে স্বৈরশাসক এরশাদ ৮২’র ২৪ মার্চ পেশাগত বিশ্বস্ততা ও শপথ ভেঙ্গে বন্দুকের নলের মুখে নির্বাচিত রাষ্ট্রপতি বিচারপতি সাত্তারকে ক্ষমতাচ্যুত করে সাংবিধানিক রাজনীতি স্তব্ধ করেছিল।

তিনি বলেন, স্বৈরাচারী এরশাদ একে একে সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে রাষ্ট্রের গণতান্ত্রিক বিকাশকে বাধাগ্রস্ত করেছিল। এই দিনে ছাত্র-জনতার মিলিত সংগ্রামে স্বৈরাচারকে পরাজিত করে মুক্ত হয়েছিলো আমাদের গণতন্ত্র।

বাণীতে বিএনপি চেয়ারপারসন ৮২ থেকে ৯০ সাল পর্যন্ত স্বৈরাচার বিরোধী আন্দোলনে আত্মদানকারী বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের রুহের মাগফিরাত কামনা করেন।

খালেদা জিয়া বলেন, ৫ জানুয়ারি একতরফা নির্বাচন করে আবারও সারা জাতিকে একদলীয় নিষ্ঠুর শাসনের শৃঙ্খলে বন্দী করে মানুষের নাগরিক স্বাধীনতাকে বিপন্ন করেছে। সকল দলের মিলিত ইচ্ছায় নিরপেক্ষ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এরা সংবিধান থেকে মুছে দিয়েছে।

স্বৈরাচার পতন ও গণতন্ত্র মুক্তি দিবস উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ১৯৯০ সালের ৬ ডিসেম্বর স্বৈরাচার পতনের মধ্য দিয়ে আবারো অর্জিত হয়েছিল  বহুদলীয় গণতন্ত্রের পথচলা।কিন্তু গণতন্ত্রের দুশমনেরা পরাজিত হলেও আজও তারা চুপ করে বসে নেই। বারবার অপশক্তিগুলো গণতন্ত্রকে বিপর্যস্ত করে আমাদের অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে চেয়েছে। কিন্তু এদেশের দেশপ্রেমিক জনগণ সে অপচেষ্টাকে শক্ত হাতে প্রতিহত করেছে সব সময়। বিএনপির এই নেতা বলেন, আমাদের গণতন্ত্র আজো নামে বেনামে একদলীয় ফ্যাসিবাদের আক্রমণে আক্রান্ত।

আরও পড়ুন