জাতীয় দলের ক্রিকেটার রুবেলের সঙ্গে সম্পর্ক নিয়ে সর্বত্রয় ঝড় তোলা আলোচিত অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি মাঝেমাঝে নানান সমালোচনায় থাকলেও কর্যত তিনি ছিলেন অনেকটাই আড়ালে। শুক্রবার মুক্তি পেয়েছে তার অভিনীত ‘ধূমকেতু’ সিনেমাটি। এ সিনেমার একটি আইটেম গানে নেচেছেন তিনি। তবে নতুন বছর নায়িকা হয়ে পর্দায় ফিরছেন হ্যাপি।
হ্যাপি অভিনীত ‘সত্যিকারের মানুষ’ শিরোনামের সিনেমাটি আগামী ১৭ ফেব্রুয়ারি সারা দেশে মুক্তি পেতে যাচ্ছে। এ সিনেমার নাম প্রথমে ‘রিয়েলম্যান’ ছিল। পরবর্তীতে তা পরিবর্তন করে রাখা হয়েছে ‘সত্যিকারের মানুষ’। এ নামেই সিনেমাটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে বলেও জানিয়েছেন সিনেমাটির নির্মাতা বদরুল আমিন।
এতে হ্যাপির বিপরীতে অভিনয় করেছেন নবাগত চিত্রনায়ক কংকন। এ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আলীরাজ, অমিত হাসানসহ অনেকে।
এদিকে, হ্যাপি অভিনীত ‘ধূমকেতু’ সিনেমাটি পরিচালনা করেছেন শফিক হাসান। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা পরীমনি।
মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘কিছু আশা কিছু ভালোবাসা’ সিনেমার মাধ্যমে বাংলা চলচ্চিত্রে অভিষেক হয় হ্যাপির। এ সিনেমায় হ্যাপির বিপরীতে অভিনয় করেন অভি। ২০১৩ সালে মুক্তি পাওয়া এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন-মৌসুমী, শাবনূর ও ফেরদৌস। এছাড়া তিনি বেশ কিছু বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন হ্যাপি।


