খুলনা শহরে সরকারি শিশু সদনের তিনটি শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। তাদের স্কুলে আনা-নেয়ার দায়িত্বে থাকা এক ব্যক্তি এ ঘটনা ঘটিয়েছে বলে খবর প্রকাশ করেছে বিবিসি বাংলা।
খুলনা সদরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম জানিয়েছেন, “অভিযোগ ওঠার পর একটি মামলা হয়েছে এবং ওই শিশুদের ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। যার বিরুদ্ধে অভিযোগ স্কুলটির সেই দপ্তরীকে রোববারই গ্রেফতার করা হয়েছে।”
তিনি আরও বলেন, তারা তদন্ত করতে স্কুলটিতে যাওয়ার পর স্কুলের অন্যান্য ছাত্রীরা তাদের শরীরে হাত দেয়াসহ ওই কর্মচারীর অন্যান্য কিছু যৌন হয়রানিমূলক আচরণের কথা পুলিশকে জানিয়েছে।
খুলনার জেলা প্রশাসক নাজমুল আহসান জানিয়েছেন, বিষয়টি তদন্তে প্রশাসন থেকে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।


