তিন বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে গত সেপ্টেম্বরে ঘরোয়া আসর জাতীয় ক্রিকেট লিগ দিয়ে ক্রিকেটে ফেরেন মোহাম্মদ আশরাফুল। রোববার মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে ব্যাট হাতে নেমে অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৫০ ওভারের ম্যাচে হাঁকিয়েছেন দারুণ এক শতক। সেই আশরাফুল আবারো সুযোগ পেয়েছেন আইসিসির বিশ্ব একাদশের হয়ে মাঠ মাতানোর।
আগামী ১৮ ডিসেম্বর কাতারে বিশ্ব একাদশের হয়ে খেলবেন ওয়ানডে ফরমেটের ম্যাচে। কাতারের জাতীয় দিবস উপলক্ষে ‘ন্যাশনাল ডে ক্রিকেট কাপ’ নামের এই ম্যাচে আশরাফুলের সঙ্গে থাকবেন ক্রিকেট কিংবদন্তিরা। কাতার একাদশের সঙ্গে ম্যাচ দুটিতে অংশ নেবে বিশ্ব একাদশ।
এ টুর্নামেন্টে খেলবেন পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, ইংল্যান্ডের জাতীয় দলের বেশ কয়েকজন সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। দলের নেতৃত্ব দেবেন পাকিস্তানের সিনিয়র অলরাউন্ডার শহীদ আফ্রিদি। দলের অধিনায়ক শহীদ আফ্রিদিকে দু’টি ম্যাচে দেখা যাবে।
বিশ্ব একাদশ: শহীদ আফ্রিদি (অধিনায়ক), মোহাম্মদ আশরাফুল, ইউসুফ পাঠান, মোহাম্মদ কাইফ, বালাজি, হার্শেল গিবস, ইমরান তাহির, নওরোজ মঙ্গল, লিয়াম প্লাঙ্কেট, সালমান বাট, আব্দুর রাজ্জাক, শোয়েব মকসুদ, কামরান আকমল, উমর আকমল, মোহাম্মদ সামি, সাঈদ আজমল, ফাওয়াদ আলম, মোহাম্মদ শরীফ, জেরোম টেলর, কেসরিক উইলিয়ামস, পারভেজ মাহরুফ, চামিন্দা ভাস।


