বুধবার ৪ নভেম্বর ২০২৬

‘ধানের শীষের জোয়ারে ভেসে যাবে শেখ হাসিনার মসনদ’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়। এই নির্বাচন বাংলাদেশে যে গণতন্ত্রকে বুটের পায়ের নিচে পিষিয়ে দেয়া হয়েছে, সেই গণতন্ত্রকে ফিরিয়ে আনার নির্বাচন।

তিনি আরও বলেন, নির্বাচনে কোনো প্রকার কারচুপি হলে নারায়ণগঞ্জ থেকেই শেখ হাসিনা সরকার পতন আন্দোলন শুরু হবে। নারায়ণগঞ্জে খালেদা জিয়ার ডাকে ধানের শীষের জোয়ার সৃষ্টি হয়েছে। এ জোয়ারে ভেসে যাবে অবৈধ সরকার হাসিনার মসনদ।

মঙ্গলবার বিকালে নারায়ণগঞ্জের বন্দরের সিএসডি গেটের সামনে পথ সভায় তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, বেগম খালেদা জিয়ার মনোনীত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন খানকে ধানের শীষে ভোট বিপ্লবের মাধ্যমে জয়ী করে এ অবৈধ সরকারকে বুঝিয়ে দিতে হবে তাদের সময় ফুরিয়ে আসছে। গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য ধানের শীষে ভোট দিয়ে সাখাওয়াতকে নির্বাচিত করুন।

স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের উদ্দেশ করে তিনি বলেন, এখন আর দ্বিধা দ্বন্দ্বের সময় নয়, সকলে খালেদা জিয়ার প্রার্থী  সাখাওয়াতকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করুন। নারায়ণগঞ্জে খালেদা জিয়ার ডাকে ধানের শীষের জোয়ার সৃষ্টি হয়েছে। এ জোয়ারে ভেসে যাবে অবৈধ সরকার হাসিনার মসনদ।

নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য  অ্যাডভোকেট আলহাজ্ব আবুল কালাম ও বন্দর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুলের নেতৃত্বে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাসিক ২০,২১,২২ ও ২৩ নং ওয়ার্ডে গণসংযোগ করে সিএসডি গেটে এসে পথসভায় বক্তব্য দেন।

এ সময় মেয়র প্রার্থী  অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে ধানের শীষ প্রতীক হাতে দিয়ে বরণ করে নেয়া হয়।

গণসংযোগ ও পথ সভায় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, মাহবুবউদ্দিন খোকন, খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান সরোয়ার, সদস্য ওবায়দুল হক নাসির, কেন্দ্রীয় যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা সাগর, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক সুমন দেওয়ান, কেন্দ্রীয় জাসাসের সহ-সভাপতি আনিসুল ইসলাম সানী, কেন্দ্রীয় জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী মনির ও সোনারগাঁ উপজেরা চেয়ারম্যান আজহারুল ইসলাম মান্নান প্রমুখ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *