বুধবার ৪ নভেম্বর ২০২৬

জঙ্গি কি না জানি না, ছবি দেখে অন্তর আত্মা কেঁপেছে: ফখরুল

রাজধানীর পূর্ব আশকোনার এক বাড়ি থেকে পুলিশের অভিযানে পর আহত অবস্থায় উদ্ধার শিশুটির ক্ষত-বিক্ষত ছবি দেখে বেদনা প্রকাশ করে তার বাবা-মা জঙ্গি কি না তা নিয়ে প্রশ্ন তুলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার রাজধানীর গুলিস্তানের কাজী বশির মিলনায়তনে (মহানগর নাট্যমঞ্চ) খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাধারণ পরিষদের সভার বক্তব্যে এ প্রসঙ্গ তুলেন বিএনপির মহাসচিব।

তিনি বলেন, “আজকে পত্রিকায় একটা ছবি আছে, যে ছবি দেখে আমার সমস্ত অন্তর আত্মা কেঁপে উঠেছে। একটা চার বছরের শিশু গ্রেনেডে ক্ষত-বিক্ষত হয়ে হাসপাতালে পড়ে আছে। কেন? জঙ্গি আক্রমণ হয়েছে।

“মা জঙ্গি হচ্ছেন, বাবা জঙ্গি, জানি না সত্য কী, কী অবস্থা জানি না। কিন্তু চার বছরের শিশু এক নির্বাক শক্তিদৃষ্টি দিয়ে সে হাসপাতালে পড়ে আছে। এই অবস্থা চলছে দেশে এখন।”

দক্ষিণখানে হজ ক‌্যাম্পের কাছে ‘সূর্যভিলা’ নামের বাড়িতে শনিবার ভোররাতে অভিযান চালায় পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সদস‌্য।

অভিযানের এক পর্যায়ে পুলিশের আহ্বানে সাড়া দিয়ে সকালে চারজন আত্মসমর্পণ করলেও এক নারী, এক কিশোর ও শিশুটি ভেতরে থেকে যায়।

দুপুরে ১টার দিকে বোরকা পরা এক নারী শিশুটিকে নিয়ে বেরিয়ে এসে তার দেহের সঙ্গে বাঁধা গ্রেনেডের বিস্ফোরণ ঘটিয়ে আত্মঘাতি হন; আহত হয় শিশুটি। পরে শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠায় পুলিশ।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির অস্ত্রোপচার হয়েছে। তবে তার অবস্থা এখনও শংকামুক্ত নয় বলে চিকিৎসকরা জানিয়েছেন।

আওয়ামী লীগ সরকারের আমলে শুধু ইসলাম ধর্ম নয়, অন্যান্য ধর্মের ওপরেও আঘাত আসছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল।

“আজকে হিন্দু সম্প্রদায়ের মানুষের বাড়ি-ঘর ভেঙে দিচ্ছে, মন্দির ভেঙে দিচ্ছে, বৌদ্ধদের মঠ ভেঙে দেওয়া হচ্ছে, খৃষ্টানদের গীর্জা-উপাসনালয় ভেঙে দেওয়া হচ্ছে। সাঁওতালদেরকে তাদের বাসভূমি থেকে উচ্ছেদ করা হচ্ছে।

“অর্থাৎ সাধারণ মানুষের প্রতি, কোনো ধর্মের প্রতি তাদের সম্মানবোধ নেই, তারা দায়িত্ব পালন করতে চায় না। কেউ নিরাপদ নয় এই দেশে।”

খেলাফত মজলিসের চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ ইসহাকের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে দলটির মহাসচিব অধ্যাপক আহমেদ আবদুল কাদের, সিনিয়র নায়েবে আমির অধ্যক্ষ সৈয়দ মাসউদ খান, নায়েবে আমির মাওলানা সৈয়দ মজিবুর রহমান, হেফাজতে ইসলামের নায়েবে আমির আল্লামা নুর হোসাইন কাশেমী, ইসলামী ঐক্যজোটের মাওলানা আবদুল করীম খান, খেলাফত আন্দোলনের মাওলানা জাফরুল্লাহ খান, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইসহাক, জাগপার শফিউল আলম প্রধান, এনডিপির খোন্দকার গোলাম মুর্তজা, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, ন্যাপ-ভাসানীর আজহারুল ইসলাম, সাম্যবাদী দলের সাঈদ আহমেদ, ন্যাপের গোলাম মোস্তফা ভুঁইয়া, জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকন ও ইসলামিক পার্টির আবদুল কাশেম বক্তব্য দেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *