বুধবার ৪ নভেম্বর ২০২৬

গ্রহণযোগ্য নির্বাচন কমিশনের নাম চূড়ান্ত হয়নি, সোমবার বৈঠক

searchcomittee_12রাষ্ট্রপতির কাছে প্রস্তাবের জন্য প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের নাম এখনো চূড়ান্ত করতে পারেনি অনুসন্ধান কমিটি। বৃহস্পতিবারের বৈঠকেও এই সংক্রান্ত কোনো সমঝোতা না হওয়ায় আগামী সোমবার ৬ ফেব্রুয়ারি আবার বৈঠকে বসবে কমিটি।

ঢাকায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আবদুল ওয়াদুদ অপেক্ষমান সাংবাদিকদের বলেন, আজকের বৈঠকে ২০ জনের সংক্ষিপ্ত তালিকায় থাকা ব্যক্তিদের অতীত ইতিহাস কর্মকাণ্ড (ব্যাকগ্রাউন্ড) নিয়ে এবং বিশিষ্ট নাগরিকদের দেওয়া পরামর্শ নিয়ে পর্যালোচনা করেছেন কমিটির সদস্যরা। এ সময় ‘সার্চ কমিটি কীভাবে তথ্য সংগ্রহ করছে’- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আবদুল ওয়াদুদ ভূঁইয়া বলেন, অবাধ তথ্যপ্রবাহের যুগে নানাবিধ পথ রয়েছে, সেভাবেই করা হচ্ছে।

অনুসন্ধান কমিটির পরবর্তী বৈঠক ৬ ফেব্রুয়ারি বিকেল পাঁচটায় বসবে জানিয়ে আবদুল ওয়াদুদ বলেন, ‘আশা করছি, নির্ধারিত সময়ের মধ্যে (আগামী ৮ ফেব্রুয়ারি) তাদের সুপারিশ চূড়ান্ত করতে পারবেন এবং রাষ্ট্রপতি বরাবর দিতে পারেন।’

আজকের বৈঠকটি এ কমিটির নিজেদের মধ্যে তৃতীয় বৈঠক ছিল। এরই মধ্যে রাজনৈতিক দলগুলো থেকে পাওয়া প্রস্তাব থেকে অনুসন্ধান কমিটি ২০ জনের সংক্ষিপ্ত তালিকা করেছে। তাঁদের ব্যাপারে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করার লক্ষ্যে আজ বৈঠকে বসেন কমিটির সদস্যরা।

নাম প্রকাশ না করার শর্তে অনুসন্ধান কমিটির একজন বলেছেন, ৭ বা ৮ ফেব্রুয়ারি ১০ জনের নামের তালিকাসহ সুপারিশ রাষ্ট্রপতির কাছে জমা দেবেন তাঁরা। যদিও নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতি গঠিত অনুসন্ধান কমিটি রাজনৈতিক দলগুলোর কাছ থেকে পাঁচজন করে নাম দিতে বলেছিলেন। এই আহ্বানে সাড়া দিয়ে ২৫টি রাজনৈতিক দল ১২৫ জনের নাম জমা দেয়। সেখানে ১২৫টি নাম থেকে ২০ জনের সংক্ষিপ্ত একটি তালিকা করে অনুসন্ধান কমিটি।

আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে অনুসন্ধান কমিটির অন্য সদস্যরা হলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ সাদিক, বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মাসুদ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য শিরীণ আখতার।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আবদুল ওয়াদুদ ভূঁইয়া বলেন, ‘২০ জনের তালিকা ধরেই কাজ চলছে। এর মধ্য থেকে সর্বোত্তম ব্যক্তিকে (প্রধান নির্বাচন কমিশনার) খুঁজে বের করার জন্য তাঁদের তথ্য সংগ্রহ করা হচ্ছে।’ সার্চ কমিটি আগামী ৬ ফেব্রুয়ারি বিকেল ৫টায় একই স্থানে ষষ্ঠবারের মতো বৈঠকে বসবে বলে জানান অতিরিক্ত সচিব। তিনি আরো বলেন, ‘নির্ধারিত সময় আগামী ৮ ফেব্রুয়ারির মধ্যেই রাষ্ট্রপতির কাছে নির্বাচন কমিশনারদের নামের তালিকা পাঠিয়ে দেওয়া হবে।’

প্রসঙ্গত, সর্বশেষ ২০১২ সালে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান ২৪টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শেষে চার সদস্যের একটি সার্চ কমিটি গঠন করেছিলেন। সেই কমিটিই বর্তমান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন গঠন করে। আগামী ৮ ফেব্রুয়ারি এই কমিশনের মেয়াদ পূর্ণ হচ্ছে।

আরও পড়ুন