বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

কান চলচ্চিত্র উৎসব এবং বাংলাদেশ

cannnes-bangladeshi-filmফরমান আলী, এন্টারটেইনমেন্ট এডিটর

চলচ্চিত্রে আসরে সবচেয়ে প্রভাবশালী এবং মর্যাদাপূর্ণ অনুষ্ঠান ‘কান চলচ্চিত্র উৎসব’। ১৯৪৬ সাল থেকে প্রতি বছর এই উৎসব পালিত হয়ে আসছে। উৎসবটি দক্ষিণ ফ্রান্সের রিজোর্ট শহর কানে প্রতি বছর মে মাসে জমকালো আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হয়। আগামী ১১ মে শুরু হচ্ছে ৬৯তম কান চলচ্চিত্র উৎসব। শুরুর আগেই এবারো কান উৎসব ঘিরে সরব বাংলাদেশ।

সিনেপ্রেমীদের এক মিলন মেলার কান চলচ্চিত্র উৎসবে এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন প্রয়াত তারেক মাসুদের ‘মাটির ময়না’ ছবির সাফল্য। ২০০২ সালে ‘মাটির ময়না’ কান চলচ্চিত্র উৎসবে ডিরেক্টরস ফর্টনাইট বিভাগে পুরস্কার জিতেছিল এই ছবিটি। এছাড়াও ফিপ্রেস্কি আন্তর্জাতিক সমালোচক পুরস্কারের আওতায় শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার অর্জন করে।

৬৬তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দেন প্রযোজক ও চিত্রনায়ক অনন্ত ও চিত্রনায়িকা বর্ষা। কান চলচ্চিত্র উৎসবের ডিস্ট্রিবিউটরগণ এমএ জলিল অনন্ত প্রযোজিত, পরিচালিত ও অভিনীত চলচ্চিত্র ‘নিঃস্বার্থ ভালোবাসা’ ছবিটি কান চলচ্চিত্র উৎসবে নেয়ার আগ্রহ প্রকাশ করেন। পরবর্তীকালে কান উৎসবের ডিস্ট্রিবিউটরগণ ‘নিঃস্বার্থ ভালোবাসা’ ছবিটি কান চলচ্চিত্র উৎসবের জন্য নেন, যা উৎসবের সবচেয়ে বড় স্ক্রিন অলিম্পিয়ায় প্রদর্শিত হয়।

এছাড়াও ৬৬তম কান চলচ্চিত্র উৎসবে যোগ দেন অভিনেত্রী জয়া আহসান। কান চলচ্চিত্র উৎসবের আয়োজকদের পক্ষ থেকে একজন ‘বহুমাত্রিক অভিনেত্রী’ হিসেবে জয়া আহসানকে সেবারের উৎসবে আমন্ত্রণ জানানো হয়।

এরপর বাংলাদেশের তরুণ নির্মাতা কামার আহমাদ অংশ নেন অনুষ্ঠানে। ২০১৪ সালে ‘শুনতে কি পাও’ তথ্যচিত্র নিয়ে ৬৭ তম কান চলচ্চিত্র উৎসবে হাজির হয়েছিলেন তিনি। তার প্রথম নির্মাণ ‘শুনতে কি পাও’ ফ্রান্সের ‘সিনেমা দ্যু রিলে’ আসরের গ্রাঁ প্রি খেতাব জিতেছিল। সেবার কানের ‘বিশ্বের চলচ্চিত্র’ এই সিরিজে নির্বাচিত হয়েছে তার সিনেমা ভাবনা। ১২৫টি আবেদন থেকে বাছাই করা ১০টির মধ্যে কামার আহমেদের স্থান পাওয়ার ঘটনাটি বাংলাদেশের জন্য ছিল প্রথম।

গতবছর কান উৎসবে প্রদর্শিত হয়েছিল খিজির হায়াত পরিচালিত ‘আই ফর অ্যান আই’ নামের একটি বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। ছবিটি শর্ট ফিল্ম কর্নারে প্রদর্শিত হয়। বাংলাদেশ থেকে কান উৎসবে আরও যোগ দিয়েছিলেন পরিচালক স্বপন আহমেদ।

১৮ মিনিট দৈর্ঘ্যের এ শর্টফিল্মটি বাংলাদেশের নির্মাতার হলেও বাংলাদেশ থেকে সিনেমাটি উৎসবে জমা দেওয়া হয়নি। এটি জমা দেওয়া হয়েছিল কানাডা থেকে। রাজনৈতিক থ্রিলারধর্মী শর্টফিল্মটির চিত্রনাট্য লিখেছেন ক্যারিন ম্যাক্সি। এবং প্রধান চরিত্রে অভিনয় করেছেন শান রহমান এবং কানাডার অভিনেত্রী মমোনা কমাগত।

এবছর অনুষ্ঠিত হবে কান উৎসবের ৬৯ তম আসর। উৎসবের বাণিজ্যিক শাখা মার্কসে দু’ফিল্মে প্রথমবারের মত বাংলাদেশের ছবি হিসেবে প্রিমিয়ার হতে যাচ্ছে ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘অজ্ঞাতনামা’। ছবিটি পরিচালনা করেছেন তৌকির আহমেদ। চলচ্চিত্রটি কান ফিল্ম ফেস্টিভ্যালে প্রধান ভবন প্যালেস দু’ফেস্টিভ্যাল এর প্যালেস- আইতে আগামী ১৭ মে সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হবে। কান চলচ্চিত্র উৎসবে সারা বিশ্ব থেকে আমন্ত্রিত প্রযোজক, পরিচালক, অভিনয় শিল্পী এবং সাংবাদিকরাই এই প্রিমিয়ার শোটি দেখার সুযোগ পাবেন।

ইতিমধ্যে ওয়ারনার ব্রাদার্স, এরস, এম কে ২ সহ বিশ্বের খ্যাতনামা ফিল্ম ডিসট্রিবিউটর কোম্পানিগুলো কান চলচ্চিত্র উৎসবে ছবিটি দেখার আগ্রহ ব্যক্ত করেছেন। কান চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ থেকে উৎসবে অংশগ্রহণের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েছেন ইমপ্রেস টেলিফিল্ম-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক বিক্রয় ও বিপনন ইবনে হাসান খান ও ছবিটির পরিচালক তৌকির আহমেদ।

আরও পড়ুন