বুধবার ৪ নভেম্বর ২০২৬

‘আপনারা কি চান আমরা সরকারের সঙ্গে মারামারি করি?’

নিজস্ব প্রতিবেদক:  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা যতটুকু সুযোগ পাচ্ছি তার মধ্য দিয়েই প্রতিবাদ ও কথা বলার চেষ্টা করছি।’

গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এসময় তিনি সরকারের প্রস্তাবিত বাজেটের উপর বিএনপির আনুষ্ঠানিক প্রতিক্রিয়াও তুলে ধরেন।

ঘরোয়া কর্মসূচির মধ্যে বিএনপির সীমাবদ্ধ থাকা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, ‘আপনারা কি চান আমরা প্রতি মূহুর্তে রাস্তায় বেরিয়ে সরকারের সঙ্গে মারামারি করি? প্রতিদিন আমাদের ১০/১২ জন লোক মারা যাক? কয়েক হাজার লোক গ্রেফতার হোক?’

‘আন্দোলনে কিছু কৌশল অবলম্বন করতে হয়। কৌশলের সঙ্গে আমরা কাজ করছি। আমরা বিশ্বাস করি জনগণ একদিন বেরিয়ে আসবে। ফ্যাসিষ্ট শক্তিকে পরাজিত করবে’ যোগ করেন ফখরুল।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা আমাদের মতো করে কাজ করছি। সরকারকে একটু ধরেন যেভাবে তারা মানুষের অধিকার কেড়ে নিচ্ছে।’

সংবাদ সম্মেলনে বিএনপির নেতা-কর্মীদের গুম-খুনের প্রসঙ্গেও কথা বলেন মির্জা ফখরুল।

তিনি বলেন, ‘আমাদের এক হাজার কর্মীর প্রাণ গেছে। পাঁচশ কর্মী নিখোঁজ রয়েছে। হাজার হাজার মামলার দিয়ে এক ভয়ংকর পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে।’

সংবাদ সম্মেলনে ফখরুলের সঙ্গে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাঈল জবিউল্লাহ প্রমুখ।

আরও পড়ুন