বুধবার ৪ নভেম্বর ২০২৬

হোলি আর্টিজানের বার্ষিকীতে ‘জঙ্গি আস্তানা’ ঘিরে রেখেছে পুলিশ

কুষ্টিয়া সংবাদাতা: কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা শহরে একটি সন্দেহভাজন জঙ্গি আস্তানা ঘিরে অভিযানে নেমেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

ঝড়তোলা গুলশান হামলার প্রথম বার্ষিকীর দিন শনিবার ভোরে এই অভিযান শুরু করে পুলিশ।

সেখান থেকে তিন নারীকে আটকের পাশাপাশি উদ্ধার করা হয়েছে ‘সুইসাইড ভেস্টসহ’ অস্ত্র ও গোলাবারুদ।

জেলার পুলিশ সুপার এস এম মেহেদী হাসান বলছেন, কাউন্টার টেররিজম ইউনিটের তথ্যের ভিত্তিতে শুক্রবার রাত ১২টার দিকে শহরের তালতলা মসজিদের পাশে নাসিমা খাতুনের মালিকানাধীন এই বাড়িটি ঘিরে অবস্থান নেয় পুলিশ।

পরে রাত ৩টার দিকে কাউন্টার টেররিজম ইউনিট ও পুলিশ যৌথভাবে অভিযান চালায় বলে জানান পুলিশ সুপার।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অভিযান চালানোর সময় এক নারী সুইসাইড ভেস্ট পরে পুলিশের উপর হামলা চালানোর চেষ্টা করেন। পুলিশ সেটা বিস্ফোরণের আগেই ধরে ফেলে। পরে আরও দুই নারীকে আটক করা হয়।”

আটকদের মধ্যে একজন নব্য জেএমবির আমির আইয়ুব বাচ্চু ওরফে সজিবের স্ত্রী তিথি, নব্য জেএমবির সেকেন্ড ইন কমান্ড আরমান আলীর স্ত্রী সুমাইয়া ও ভেড়ামারা উপজেলার নগর দৌলতপুর গ্রামের রাজিকুল ওরফে রাশেদ ওরফে তালহার স্ত্রী টলী বেগম বলে জানিয়েছেন পুলিশ সুপার।

আটক সুমাইয়ার সঙ্গে তার শিশুসন্তান রয়েছে বলে জানান পুলিশ সুপার।

প্রায় দুই মাস আগে নাসিমা খাতুনের মালিকানাধীন এই টিনশেড বাড়িটি জঙ্গিরা ভাড়া নেয় জানিয়ে পুলিশ সুপার বলেন, অভিযানকালে দুটি সুইসাইড ভেস্ট, একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও কিছু গানপাউডার উদ্ধার করেছে পুলিশ।

“বাড়িতে আরও বিস্ফোরক থাকতে পারে। দুপুর নাগাদ ঢাকা থেকে বোমা নিষ্ক্রিয়কারী দল এসে পৌঁছালে পরবর্তী অভিযান চালানো হবে।”

বাড়ির ভেতরে আরও কে বা কারা আছে সে বিষয়ে পুলিশ কিছু বলতে পারেনি। আশপাশের বাড়ি থেকে সবাইকে সরিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *