বুধবার ৪ নভেম্বর ২০২৬

দুঃসহ শোকের হোলি আর্টিজানে ফুলেল শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক: ঢাকার গুলশানের হোলি আর্টিজান বেকারিতে আজ শনিবার ফুলে ফুলে বিনম্র শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে চলছে গত বছরের ১ জুলাই জঙ্গি হামলায় নিহত ব্যক্তিদের স্মরণ। সকাল থেকেই থমথমে গুলশানের ৭৯ নম্বর সড়ক। একের পর এক আসছেন বিভিন্ন ব্যক্তি, সংগঠনকর্মী ও কূটনীতিকেরা।

সকাল সাড়ে সাতটার দিকে হোলি আর্টিজানের ভেতরে গেছেন জাপানের রাষ্ট্রদূত। সেখানে শ্রদ্ধা নিবেদনের কিছুক্ষণ পর তিনি চলে যান। গুলশানের কূটনৈতিক এলাকায় নিরাপত্তার দায়িত্ব পালনরত পুলিশের উপকমিশনার (ডিসি) মো. জসীমউদ্দিন বলেন, জাপানি রাষ্ট্রদূতের সঙ্গে জাইকার প্রতিনিধিরাও ছিলেন। ইতালির রাষ্ট্রদূতেরও আসার কথা। তাঁদের দলের সঙ্গে নিহত একজনের স্বজন থাকার কথা রয়েছে।

৭৯ নম্বর সড়কে যাওয়ার তিনটি পথেই ব্যারিকেড বসানো হয়েছে। পুলিশের গাড়ি ও সীমিত কয়েকটি গাড়ি ছাড়া আর কোনো গাড়ি ঢুকতে দেওয়া হচ্ছে না। সড়কের মোড়ে গণমাধ্যমকর্মীরা রয়েছেন। তবে তাঁদের ভেতরে যেতে দেওয়া হয়নি।

শ্রদ্ধা জানানোর পর সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘হোলি আর্টিজানের ঘটনা আমাদের জীবন বদলে দিয়েছিল। আমাদের আতঙ্কগ্রস্ত করেছিল। সেদিন জাতীয় ও আন্তর্জাতিকভাবে কেউ ভাবেনি, বাংলাদেশ ওই অবস্থা থেকে ফিরে আসতে পারবে। আমি আজকে গর্ববোধ করি—শেখ হাসিনার নেতৃত্বে আমাদের পুলিশ বাহিনী অসমসাহসিকতায় এই উগ্রবাদী জঙ্গিগোষ্ঠীকে মোকাবিলা করছে। সাঁড়াশি অভিযান চালাচ্ছে।’ তিনি আরও বলেন, ‘ফ্রান্সের পুলিশ যা করতে পারেনি, লন্ডনের পুলিশ যা করতে পারেনি, আমাদের পুলিশবাহিনী তা-ই করতে পেরেছে।’ ঐক্যবদ্ধভাবে জঙ্গিবাদ মোকাবিলা করতে হবে বলে তিনি জানান।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেন, জঙ্গিবাদ দমনে বাংলাদেশ সফল। কিন্তু জঙ্গি নির্মূলে আদর্শিক লড়াই চালাতে হবে। শক্তি দিয়ে জঙ্গিবাদ নির্মূল সম্ভব নয়। সাময়িকভাবে সম্ভব হলেও জামায়াত-শিবির, মওদুদীবাদী, ওয়াহাবিবাদী ধর্মভিত্তিক রাজনীতি বন্ধ করতে হবে। এরাই আসলে মানুষকে ধর্মের বিষয়ে ভুল বার্তা দিচ্ছে।

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী হোলি আর্টিজান বেকারিতে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তিনি বলেন, টনাটি হৃদয়বিদারক। উগ্রবাদীদের হাত আছে এখানে। প্রগতির ক্ষেত্রে এটি একটি কলঙ্কজনক তিলক। সারা দেশে উগ্রবাদীদের নেটওয়ার্ক চেপে বসেছে। এটি নস্যাৎ করতে সরকারের সামগ্রিক ও সমষ্টিগত পদক্ষেপ প্রয়োজন। এ ক্ষেত্রে ক্ষমতাসীন দল এগিয়ে আসছে না বলে অভিযোগ করেন রিজভী।

ফুলে ফুলে শ্রদ্ধা নিবেদন। ছবি: আবদুস সালামবাংলাদেশ পুলিশের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়। ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া, পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন ও অপারেশনস) মো. মোখলেসুর রহমান সেখানে উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদনের পর সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য অসাম্প্রদায়িক চেতনার। সেই জায়গাটিতে হোলি আর্টিজানের ঘটনা বড় আঘাত। আমরা কখনই ভাবিনি এ রকম একটি ঘটনা ঘটতে পারে। জাতি এ জন্য প্রস্তুত ছিল না।

আরও পড়ুন