বুধবার ৪ নভেম্বর ২০২৬

প্রধান বিচারপতির সঙ্গে হিন্দুরা আর নেই: প্রধানমন্ত্রীর কাছে হিন্দুদের নালিশ

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিন্দুদের প্রধান বিচারপতি উপহার দিয়েছেন, আর বিনিময়ে আমরা কী দিয়েছি?’…

নিজস্ব প্রতিবেদক: জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন-এ আয়োজিত অনুষ্ঠানে শেখ হাসিনা হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশে বলেন, “আপনারা এই দেশের মাটির সন্তান। আপনারা আপনাদের মর্যাদা নিয়ে এই দেশে থাকবেন। উৎসবমুখর পরিবেশে উৎসব পালন করবেন। আমাদের দেশে যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে; আওয়ামী লীগই তা নিশ্চিত করে। আমি সংখ্যালঘু বলতে রাজি না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আর মুসলমান সকলে সমান অধিকার নিয়ে থাকবেন।”

এ সময় আলোচনা সভায় হিন্দু নেতাদের পক্ষে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী বীরেন শিকদার।

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি জয়ন্ত সেন দীপু, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি দেবাশীষ পালিত, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি ডি এল চ্যাটার্জি, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাবেক সভাপতি রমেশ ঘোষ এবং জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক চন্দন তালুকদার বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তাপস পাল।

সংবিধানের ষোড়শ সংশোধনীকে বাতিল করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা’র নেতৃত্বাধীন আপিল বিভাগের রায়ের পর্যবেক্ষণ নিয়ে বাংলাদেশে ব্যাপক আলোচনা চলছে। এতে বাংলাদেশের স্বাধীনতা ‘কোনো একক ব্যক্তির কারণে হয়নি’ বলায় প্রধান বিচারপতির সমালোচনা করে আসছেন শাসকদলের নেতা-মন্ত্রীরা। এই রায় নিয়ে প্রধান বিচারপতি রাজনীতি করেছেন বলেও হিন্দু নেতাদের পক্ষে মন্তব্য করেন প্রতিমন্ত্রী বীরেন শিকদার।

বীরেন শিকদার বলেন, “শেখ হাসিনা প্রধানমন্ত্রী না হলে সুরেন্দ্র কুমার সিনহাও প্রধান বিচারপতি হতেন না। উনি (শেখ হাসিনা) আমাদের হিন্দুদের প্রধান বিচারপতি উপহার দিয়েছেন, আর বিনিময়ে আমরা কী দিয়েছি? বাংলাদেশের সনাতনী সমাজ তার (এস কে সিনহা) তার সঙ্গে নেই।”

প্রধান বিচারপতির দিকে ঈঙ্গিত করে বীরেন বলেন, “শেখ হাসিনার স্নেহ-ভালোবাসা পাবেন আর শ্রদ্ধা করবেন না; এটা তো হবে না।”

উপস্থিত হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশে করে তিনি বলেন, “আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় না আসলে বাংলাদেশে কোনো হিন্দু থাকতে পারবে না।”

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *