বুধবার ৪ নভেম্বর ২০২৬

‘১৬ কোটি মানুষ প্রধান বিচারপতির সঙ্গে আছে’

নিজস্ব প্রতিবেদক: প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার পদত্যাগের দাবি তোলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ চেয়েছেন বিএনপিপন্থি আইনজীবীরা। মঙ্গলবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের উত্তর হলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের এক প্রতিবাদ সমাবেশ থেকে এই দাবি জানানো হয়।

এ সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, ‘প্রধানমন্ত্রী প্রধান বিচারপতিকে পদত্যাগ করতে বলেছেন। বিচার বিভাগ নিয়ে মন্তব্য করার কারণে আপনি নিজেই পদত্যাগ করুন।’

জয়নুল আবেদীন আরো বলেন, ‘প্রধান বিচারপতি একা এই রায় দেননি। আপিল বিভাগের সকল বিচারপতি একমত হয়ে এই রায় দিয়েছেন। প্রধান বিচারপতিকে বলব, সরকারের কিছু ব্যক্তি ছাড়া ১৬ কোটি মানুষ আপনার সঙ্গে আছে।’

প্রতিবাদ সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সমিতির সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, আবেদ রাজা, ব্যারিস্টার কায়সার কামাল, গাজী কামরুল ইসলাম সজল।

সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে আপিল বিভাগের রায়ের পর্যবেক্ষণ প্রকাশের পর তা নিয়ে নানা মহলে শুরু হয় আলোচনা সমালোচনা। রায়ে বর্তমান সংসদ জনগণের ভোটে নির্বাচিত নয় বলে উল্লেখ করা হয়। এরপর জাতীয় সংসদের সদস্যরা এর বিরোধিতা করে নানা বক্তব্য দেন। এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও প্রধান বিচারপতিকে নিয়ে নানা মন্তব্য করেন।

এরমধ্যে সবশেষ গতকাল সোমবার ২১ আগস্ট গ্রেনেড হামলার ১৩তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী এ প্রসঙ্গে কথা বলেন। তিনি বলেন, ‘রাষ্ট্রপতি নিয়োগ দিয়েছেন প্রধান বিচারপতিকে। উনাকে এসব কথা বলার আগে ওই পদ থেকে সরে যাওয়া উচিত ছিল বা বলেই সরে যাওয়া উচিত ছিল।’

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সমালোচনার পরদিন তার পদত্যাগ দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেতারা মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী ভবনের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে এ দাবি জানানো হয়।

এদিকে সুপ্রিম কোর্ট ভবনে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। মঙ্গলবার বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত প্রধান বিচারপতির কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠক সম্পর্কে সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ জানান, বৈঠকে ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে আলোচনা হয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *