বুধবার ৪ নভেম্বর ২০২৬

অনেক দর কষাকষির পর প্রধান বিচারপতির স্ত্রীকে অস্ট্রেলিয়া যেতে দিল সরকার

বিশেষ প্রতিনিধি: প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা যাওয়ার চার দিনের মাথায় তার স্ত্রী সুষমা সিনহাকে অস্ট্রেলিয়া যাওয়ার ‘অনুমোদন’ দিল সরকার।

মঙ্গলবার রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন বলে প্রধান বিচারপতির প্রটোকল কর্মকর্তা আবদুল ওয়ারেস জানিয়েছেন। সুষমা সিনহা দুটি লাগেজে তার জিনিসপত্র নিয়ে গেছেন বলে আব্দুল ওয়ারেস জানিয়েছেন।

ষোড়শ সংশোধনীর রায় বাতিল নিয়ে ক্ষমতাসীনদের তোপের মুখে থাকা বিচারপতি সিনহা ৩৯ দিনের ছুটি নিয়ে গত শুক্রবার অস্ট্রেলিয়া যান।
ওই দিন সুষমা সিনহাও তার সঙ্গে যাওয়ার জন্য বিমানবন্দরে গিয়েছিলেন। দুই জন একসঙ্গে বোর্ডিং পাস নিলেও তাকে বিদেশ যাওয়ার জন্য পাসপোর্টে ডিপারচার সিল দিতে রাজি হয়নি ইমিগ্রেশন পুলিশ। এ নিয়ে সেখানে প্রধান বিচারপতি ও স্ত্রীর মধ্যে আবেগঘন পরিবেশও তৈরি হয়েছিল। কিন্তু, ইমিগ্রেশন পুলিশ ওপরের নির্দেশ রয়েছে তাই আপনাকে একাই যেতে দিতে হবে বলে জানিয়ে দেওয়া হয়।

একটি সূত্র জানায়, স্ত্রীকে বিশেষ কারণে যেতে দিতে আগ্রহী ছিল না সরকার। বিশেষত, বাসা থেকে বের হওয়ার পর প্রধান বিচারপতির সেই রাতের বক্তব্যে সরকারের একটি অংশ নাখোশ হয়ে পড়ে। এরপর তার লিখিত বক্তব্য সরকারকে আরও বিব্রত করে। এরপর পরই সিদ্ধান্ত হয় যে, প্রধান বিচারপতিকে যেতে দেওয়া হলেও তার স্ত্রীকে যেন যেতে দেওয়া না হয়।

সূত্র মতে, এরপর ক’দিনে বিষয়টি নিয়ে অস্ট্রেলিয়া অবস্থানরত প্রধান বিচারপতির সঙ্গে দেন দরবার হয়। অবশেষে তার স্ত্রীকে অস্ট্রেলিয়া যেতে দেওয়ার ‘অনুমোদন’ দেওয়া হল।

প্রধান বিচারপতি অস্ট্রেলিয়ায় বসবাসরত মেয়ে সূচনা সিনহার বাসায় উঠেছেন।

প্রসঙ্গত, প্রধান বিচারপতির ক্যান্সার হয়েছে বলে আইনমন্ত্রী দাবি করলেও সিনহা গত শুক্রবার রাতে বিমানবন্দরে যাওয়ার আগে প্রকাশ্যে সাংবাদিকদের বলে যান, আমি অসুস্থ নই। লিখিত বক্তব্যেও এই কথা বলেন তিনি।

এদিকে সুপ্রিম কোর্টের বিচারপতি আব্দুল ওয়াহাব মিঞ্চাকে প্রধান বিচারপতির কার্যভার দেওয়া হয়েছে। বিচারপতি সিনহার দেশে ফিরে আবার প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণের সম্ভাবনা দেখছেন না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

 

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *